শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

শিক্ষার্থীদের প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “মোবাইল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। এই ছোট ডিভাইসের মাধ্যমে আমরা জ্ঞানের বিশাল জগতে প্রবেশ করতে পারি। তবে প্রযুক্তির ভালো-মন্দ দুই দিক রয়েছে—কিভাবে আমরা এটি ব্যবহার করছি, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

- Advertisement -

আজ বৃহস্পতিবার দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এবং শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কলেজ অডিটোরিয়ামে মুখরিত পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মেয়র তাঁর বক্তব্যে আরও বলেন, “গুগলের সাহায্যে এখন পরীক্ষার প্রস্তুতির কৌশল থেকে শুরু করে ভালো ফলাফল করার উপায়—সবই পাওয়া যায়। কিন্তু শিক্ষার্থীদের বুঝতে হবে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয়। প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের সফলতার দ্বার উন্মোচন করে।”

শুধু পরীক্ষার ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী আদর্শ হয়ে ওঠে না উল্লেখ করে মেয়র বলেন, “ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা আরও জরুরি। একজন আদর্শ শিক্ষার্থীর চারটি প্রধান গুণ—সময়নিষ্ঠা, শৃঙ্খলা, আচরণ ও ভদ্রতা। শিক্ষক, পিতা-মাতা, প্রতিবেশী ও ছোটদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি থাকা উচিত প্রতিটি শিক্ষার্থীর মধ্যে।”

স্বাস্থ্য ও সচেতনতা প্রসঙ্গে মেয়র বলেন, “বর্তমানে কোভিড, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সবাইকে সতর্ক হতে হবে। মাস্ক পরা, টিকাদান ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চসিকের সাতটি কেন্দ্রে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। যাদের বয়স বা স্বাস্থ্যগত কারণে ঝুঁকি বেশি, তারা যেন দ্রুত টিকা গ্রহণ করেন।”

তিনি বলেন, “খোলা জায়গায় প্লাস্টিক, ডাবের খোসা বা কন্টেইনার ফেলে রাখা যাবে না। এগুলোতে পানি জমে এডিস মশার জন্ম হয়। শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ছোটবেলা থেকেই যদি গাছ লাগানো, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সচেতনতার শিক্ষা নেয়া যায়, তাহলে ভবিষ্যতে একটি ক্লিন, গ্রিন ও হেলদি চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, প্রকৌশলী কাজী মো. কামরুল হাসান, সেলিম রেজা, আবু ইউসুফ মাসুদ খাঁন, তৌহিদা আক্তার, রত্না চৌধুরী, ফারজানা হক সুমি ও আজাদ হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও