চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। এ থানার দায়িত্ব নেয়ার মাত্র তিন মাসের মাথায় তাঁকে বদলি করা হলো।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে তাঁকে ডিএমপিতে বদলির আদেশ দেওয়া হয়। বদলির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।

পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরসহ পাঁচ পুলিশ পরিদর্শককে ডিএমপিতে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
সিএমপিতে গত ১৮ জুনের রদবদলের অংশ হিসেবে আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে তিনি সিএমপির লাইনওয়ে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের একই প্রজ্ঞাপনে তাঁকে ছাড়াও আরও চার পুলিশ পরিদর্শককে ডিএমপিতে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে গাজীপুর, এসবি, পিবিআই ও ফরিদপুর জেলা পুলিশের একজন করে কর্মকর্তা রয়েছেন।

