ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে গতকাল (১০ সেপ্টেম্বর) পবিত্র ঈদ-ই মিলাদুন্নাবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত,নাত,উপস্থিত বক্তৃতা,সীরাতুন্নবী (সা.), কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য ও মোটিভেশনাল আলোচক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক স্কলার প্রফেসর ড. গিয়াসউদ্দীন তালুকদার এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন রেক্টর ও চীফ কো-অর্ডিনেটর (শিক্ষা) লে.কর্নেল (অব.) মুহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী।


মুখ্য আলোচক বলেন, পৃথিবীর সকল ধর্মের সকল শীর্ষ ধর্মীয় নেতারা হযরত মুহাম্মদ (সা.) কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় একমাত্র আদর্শ হিসেবে একবাক্যে স্বীকৃতি দিয়েছেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করার পর স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মঈনউদ্দিন আহমেদ। শ্রেষ্ঠ প্রতিযোগীদের উপস্থাপনায় কোরআন, নাত ও বক্তৃতার পর মূখ্য আলাচকের সংক্ষিপ্ত বায়োডাটা পড়ে শোনান অনুষ্ঠানের কো-আহবায়ক হেড মাওলানা মুফতি আতাউল্লাহ বাহারী। সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদের নির্দেশনায় বিভিন্ন হাদিসের শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে অডিটোরিয়ামটি দৃষ্টিনন্দন হয়ে ওঠে। অনুষ্ঠানে সহকারি শিক্ষক মুশফিক ইলাহী ও আরিফুল ইসলামের তত্ত্বাবধানে নির্বাচিত শিক্ষার্থীরা গজল পরিবেশন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক হাফেজ জিল্লুর রহমান এবং অনুষ্ঠান শেষে সহকারি অধ্যাপক আরিফুর রহমানের ব্যবস্থাপনায় সুস্বাদু তবারুক উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে এম এম ইস্পাহানি লিমিটেড পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।


