ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ প্রতিপাদ্যে আয়োজিত র্যালিটি মেরিন সিটি মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন শরীফ, উপদেষ্টা ও হাসপাতাল পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুন নেসাসহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

র্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, নিয়মিত চারপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. দিলরুবা সিরাজী, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. জগদীশ চন্দ্র দাস, অধ্যাপক ডা. সুমন মুৎসুদ্দি, অধ্যাপক ডা. মো. কামালউদ্দিন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও অধ্যাপক ডা. সাগরিকা শারমীন প্রমুখ।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা ও সম্মিলিত দায়িত্বশীলতা জরুরি। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেয়ার আহ্বান জানান তারা।
জনস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

