Tuesday, 22 September 2026

[the_ad id='15178']

ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

- Advertisement -

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। দিনভর স্লোগান ও বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস।

- Advertisement -shukee

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা এক দফা দাবি ঘোষণা করেন। তাদের দাবি, সদ্য জারি করা উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জানান, এ সময় ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা ও চিকিৎসাসেবাকে কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

এছাড়া সকাল ৮টা থেকে উপাচার্য ভবনের সামনে ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ ব্যাচসহ সব শিক্ষার্থীর অংশগ্রহণে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যাপক সায়েমকে পুনর্বহালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থী ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, কোনো কারণ দর্শানো ছাড়াই আমাদের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই কর্মসূচি পালন করছি। এরই ধারাবাহিকতায় আজ ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতি। উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহালের দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এতে কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরাও অংশ নেন।

মানববন্ধনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. বসির জিসান বলেন, গতকাল আবু সাদাত সায়েম স্যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি জানতে পারেন, তিনি আর উপাচার্য পদে নেই। এটি অত্যন্ত অপমানজনক।

তিনি আরও বলেন, আবু সাদাত সায়েম স্যার আমাদের স্বপ্ন দেখিয়েছেন কীভাবে একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এ কারণেই তাকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা নজিরবিহীন আন্দোলনে নেমেছে। শিক্ষক সমাজও এতে যুক্ত হয়েছেন। আমরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল চাই।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই চুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও