চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন।

অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
তৎপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে আজ দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

