চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ার প্রচেষ্টা বন্ধের দাবীতে আগামী ৩১ আগস্ট বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বন্দর রক্ষা কমিটি।
রবিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত নাগরিক কনভেনশনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

এসময় বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন- চট্টগ্রাম বন্দরের মালিকানা, নিয়ন্ত্রণ ও পরিচালনার প্রশ্ন শুধু একটি বাণিজ্যিক বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের সাথেও জড়িত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল জনগনের উদ্বেগ এবং মতামতকে উপেক্ষা করে ইজারা দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থি হবে।
তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রফতানি বাণিজ্য এ বন্দরকে কেন্দ্র করে পরিচালিত হয়। এনসিটি ও সিসিটি বাংলাদেশের জনগণের অর্থায়নে নির্মিত জাতীয় সম্পদ। এসব টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে গড়ে ওঠেনি। বর্তমানে দেশীয় ব্যবস্থাপনাতেই সফলভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে এনসিটি ধারাবাহিকভাবে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে।
সুতরাং বিদেশি প্রতিষ্ঠানের কাছে এসব টার্মিনাল ইজারা দেওয়ার কোনো অর্থনৈতিক বা পরিচালনাগত যৌক্তিকতা নেই। সরকারকে এই উদ্যোগ থেকে সরে আসার পাশাপাশি পতেঙ্গা, পানগাও , লালদিয়া চরসহ বন্দর সংশ্লিষ্ট সকল চুক্তি জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয় ।

