বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের গতিধারায় দেখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির নেতারা। তারা বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালি এক, অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্তা। বঙ্গবন্ধুকে হাসিনার সঙ্গে এক কাতারে দাঁড় করানোর কোনো সুযোগ নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত শোকসভায় নেতারা এসব কথা বলেন।

জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা সঞ্চালনা করেন সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলির সদস্য উত্তম চৌধুরী ও মো. মসিউদদৌলা এবং অরুণ সাহা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিক্রিয়াশীল ক্যু সংঘটিত হয়। ওই দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সমগ্র পৃথিবীর মেহনতি ও শোষিত মানুষকে বাকরুদ্ধ করেছিল। এ রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে প্রতিক্রিয়ার ধারা নিরঙ্কুশ করার প্রক্রিয়া শুরু হয়।
নেতারা বলেন, বঙ্গবন্ধু কোনো দল, গোষ্ঠী বা পরিবারের সম্পত্তি নন। তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা। বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধু থাকবেন ।
তারা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনি ও হত্যাকাণ্ডের উসকানিদাতারা এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। পথে-ঘাটে, রাজনীতির মঞ্চে কিংবা টেলিভিশনের পর্দায় ঘাতক ও তাদের সমর্থকদের রক্তচক্ষু দেখা যাচ্ছে। এটি জাতির জন্য কলঙ্ক।

