বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) এর বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীনস্থ চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানকে গত ০৯ জুন কর্মরত অবস্থায় কতিপয় কর্মচারী ও বহিরাগত দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের যৌথ উদ্যোগে কেন্দ্রের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম, কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোহাম্মাদ রাশেদ আলম, সম্মানী সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন ও সিনিয়র প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী আবু সুফিয়ান, প্রকৌশলী শাহে আরেফীন, প্রকৌশলী মো. আবুল বাশার, প্রকৌশলী নাফিস ইমতিয়াজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রকৌশলী সমাজ অগ্রণী ভুমিকা পালন করে থাকে। বিদ্যুৎ, গ্যাস, পানিসহ দৈনন্দিন ইউটিলিটি সার্ভিসের নিয়মিত সেবা দিয়ে থাকে প্রকৌশলীগণ। কিন্তু প্রকৌশলী কর্মক্ষেত্রে ও স্ব স্ব দফতরে নিরাপত্তা সহিত দায়িত্ব পালন করতে পারছে না, প্রতিনিয়ত বিভিন্নভাবে নির্যাতন, হুমকি ও ভয়ভীতির মধ্যে দায়িত্ব পালন করতে হয়। সরকারি উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এক শ্রেণির সুবিধাভোগী সিবিএ নেতৃবৃন্দ দেশে বিশৃংখলা সৃষ্টি করে সরকারের সুনাম ক্ষুন্ন করছে। ফলে প্রকৌশলী সমাজ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তাগণ প্রকৌশলী মাহাদী হাসান এর উপরে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ নতুন গণতন্ত্র ও অগ্রযাত্রায় বিভিন্ন সংস্থায় দুস্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর আহ্বান জানান। মানববন্ধনে এ্যাব এর নেতৃবৃন্দসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক প্রকৌশলী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

