আনোয়ারায় উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
(১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যা মামলার আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে রবিবার রাতে পটিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার সুন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)।
এ ঘটনায় গুরুতর আহত হয় তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া, সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনে এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতর থেকে প্রিয়ন্তী বড়ুয়ার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছিলেন, প্রতিবেশী রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়ার সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ওই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের খোঁজে এসে হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। মৃত্যুর আগে তার স্ত্রীও তেজু বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন।

