চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা,নগরে নতুন পর্যটন অবকাঠামো এবং পরিবেশবান্ধব নগর উন্নয়ন প্রকল্পে জাপানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিডিএ ভবনে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচারের প্রতিনিধিদলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে নিউভিশনের প্রতিনিধিরা চট্টগ্রামের উন্নয়নে সিডিএর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এসব পরিকল্পনার মধ্যে জাপান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলো চিহ্নিত করে সেগুলোতে জাপানি বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
নিউভিশন ইনফ্রাস্ট্রাকচারের প্রতিনিধিরা বলেন, জাপানের শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও বহুজাতিক গ্রুপগুলোর সঙ্গে তাঁদের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি কারিগরি সমন্বয় ও লজিস্টিকস সহায়তার অভিজ্ঞতাও রয়েছে তাঁদের। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে বড় পরিসরে জাপানি বিনিয়োগ আনার উদ্যোগ নেয়া সম্ভব বলে তাঁরা মনে করেন।

