বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার এবং সহকারী প্রকৌশলী মেহেদী হকের উপর শ্রমিক সংগঠন সিবিএ, কর্মচারী এবং বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছনা এবং হেনস্থার প্রতিবাদে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ , চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আইইবি , চট্টগ্রাম কেন্দ্রের চত্বরে আজ রবিবার (১৪ জুন ) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার।

বক্তব্য রাখেন ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম,অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহউদ্দিন খালেদ, সিনিয়র সদস্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ, প্রকৌশলী মো. তৌহিদুল আনোয়ার। ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রকৌশলী মো. অহিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ সকল ইউটিলিটি বিদ্যুৎ,পানিসহ সকল সেবা প্রদানে অগ্রগণ্য ভূমিকা পালন করে প্রকৌশলীগণ। বাংলাদেশসহ পুরো পৃথিবীর সভ্যতা গড়ার কারিগর এবং চালিকাশক্তি হচ্ছে প্রকৌশলীরা। অথচ দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে প্রকৌশলী সমাজ সবচেয়ে বেশি অবহেলিত হয়, যার দরুন শ্রমিকদের সংগঠন সিবিএ এবং কর্মচারী দ্বারা নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার এবং সহকারী প্রকৌশলী মেহেদী হকের উপর শারীরিকভাবে লাঞ্জিত করা হয় । এ পৈশাচিক ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায় । দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে উক্ত বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় ।
উল্লেখ্য, গত ৯ জুন দুপুরে চট্টগ্রাম আগ্রাবাদের বিদ্যুৎ ভবনে ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে আউটসোর্সিংয়ে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে সিস্টেম অ্যানালিস্ট ও নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আকতারের কক্ষে সিবিএ নেতারা তাণ্ডব চালান। ওই নারী কর্মকর্তাকে রক্ষা করতে গেলে সহকারী প্রকৌশলী মেহেদী হাসানকে টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

