ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত শনিবার একুশে ফেব্রুয়ারি-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলনের পর প্রভাতফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর নেতৃত্বে উল্লেখ সংখ্যক প্রকৌশলী প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন। পরে কেন্দ্রের মিলনায়তনে প্রকৌশলী সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও সিনিয়র প্রকৌশলী নিখিল রঞ্জন দাশ বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, একুশ মানে মন খুলে কথা বলা, একুশ হলো মাথা নত না করা। কিন্তু বিগত সতের বছরে এদেশে মানুষ মনের কথা বলতে পারেনি বলে উল্লেখ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে এদেশের স্বাধীনতার আন্দোলন, গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনের সূত্রপাত ঘটেছে, যেসকল স্বপ্ন নিয়ে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাঁদের স্বপ্ন পূরণ ও অধিকার আদায়ে এদেশ অনেক পিছিয়ে রয়েছে বলে মত ব্যক্ত করেন। তিনি একুশ ফেব্রুয়ারির চেতনা ও জুলাই-২০২৪ এর প্রেরণা বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকা এবং সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রকৌশলী মাসুদুর রহমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী সুজিত কুমার নন্দী, ইআরসির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সম্মানী সহকারী প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন ও প্রকৌশলী ইমরান খান।
সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে উৎসাহ পুরস্কার বিতরণ করা হয়।

