মিরপুর ডিওএইচএস পরিষদের সহযোগিতায় মিরপুর ডিওএইচএস অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি (MDAWS) — প্রাণীকল্যাণে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন –সোমবার (৩ নভেম্বর ) মিরপুর ডিওএইচএস-এর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও টিকাদান কর্মসূচির পঞ্চম রাউন্ডের প্রথম দিনের কার্যক্রম শুরু করেছে। মানবিক ও সহানুভূতিশীল সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগের মাধ্যমে প্রাণীদের প্রতি নিরাপদ, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করাই MDAWS-এর উদ্দেশ্য।


২০১৯ সাল থেকে এ পর্যন্ত চারটি সফল সিএনভিআর (ক্যাচ–নিউটার–ভ্যাকসিনেট–রিলিজ) রাউন্ডের মাধ্যমে মিরপুর ডিওএইচএস এলাকায় শতাধিক পথকুকুরকে টিকাদান ও বন্ধ্যাত্বকরণের আওতায় আনা হয়েছে।
প্রথম দিন ১২টি পথকুকুরকে বন্ধ্যাত্বকরণ ও টিকাদানের জন্য স্হানীয় একটি ভ্যাটেরেনিরি ক্লিনিকে পাঠানো হয়ছে। এই রাউন্ড নভেম্বর মাসে মোট ৪ দিন চলবে, যেখানে প্রায় ৫৬টি পথকুকুরকে এই সেবার আওতায় আনা হবে।
এ কর্মসূচির সফল বাস্তবায়নে মিরপুর ডিওএইচএস পরিষদ, মিরপুর ডিওএইচএস ইয়ুথ সোসাইটি, স্বেচ্ছাসেবী ও মিরপুর ডিওএইচএস-এ বসবাসরত সকলের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে MDAWS।

