মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

রোগী প্রতি সহানুভূতিশীল আচরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান দীপেন দেওয়ানের

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার এবং এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। তবে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এখনো এ অঞ্চলে স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

- Advertisement -

সোমবার  (২৭ এপ্রিল) দুপুরে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

মন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং পার্বত্য তিন জেলায় স্বাস্থ্যসেবা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে রোগীদের মানসিক দিক বিবেচনায় নিয়ে চিকিৎসা প্রদানের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক সম্প্রসারণ ও মাতৃসেবা নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চিকিৎসকদের জন্য আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নেও সরকার পদক্ষেপ নেবে।

‘জনগণের সরকার হিসেবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব,’ বলেন মন্ত্রী দীপেন দেওয়ান।

রাঙামাটি সিভিল সার্জন ডা. নূরেন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতিভূষণ বড়ুয়া, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল ইকরামুল রাহাত, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর।

 

সর্বশেষ

এই বিভাগের আরও