চট্টগ্রাম নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে নগরীর পাচলাইশ এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
পাচলাইশ এলাকায় অভিযান পরিচালনাকালে মেয়র নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এ সময় বেশ কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয় এবং পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করা হয়।

অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি বলেন, নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। কেউ উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন মেয়র।
মেয়র আরও বলেন, নগরবাসীর স্বার্থে সিটি কর্পোরেশনের চলমান পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ কার্যক্রমে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ফুটপাত দখল করে নতুন করে কোনো স্থাপনা বা দোকান বসানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

