খাদ্যের দোকানে মেয়াদউত্তীর্ণ খাবার মজুদ ও অপরিস্কার, অনিয়ম,বিএসটিআই এর অনুমোদনবিহীন পণ্য বিক্রি,এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার জন্যে মস্কো ফাস্ট ফুড ও রাজবাড়ী রেস্তোরাঁ ( জনতা ব্যাংকের নিচে) কে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
অভিযানে মস্কো ব্রেকার্স নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় এবং পন্যের মোড়কে কোন প্রকার উৎপাদন, মেয়াদ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে যাবতীয় লাইসেন্স প্রদর্শন করার জন্য বলা হলে প্রতিষ্ঠানটি কোনো প্রকার লাইসেন্স দেখাতে পারে নি। এ বিষয়ে বিএসটিআই হতে তথ্য যাচাইয়ান্তে জানা যায় প্রতিষ্ঠানটির উৎপাদিত কোনো পণ্যের মোড়ক নিবন্ধন সনদ এবং সুইটমিট, ব্রেড পণ্যের সিএম লাইসেন্স নেই। মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি করার অপরাধে মস্কো ব্রেকার্স প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় রাজবাড়ী-২ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন ও আগামীতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এব্যাপারে সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন,এই অভিযান অব্যাহত থাকবে,অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই ভোক্তাদের পঁচা,বাসি,মেয়াদউত্তীর্ণ খাদ্য চালিয়ে দেয়।

