বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু রাজনৈতিক সমীকরণে কোনো দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। তার ভাষায়, এমন সিদ্ধান্ত অন্যায় এবং দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে।
শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাজনীতিকে ধ্বংস করার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে। তিনি দাবি করেন, দলটির শাসনামলে গুম, হত্যা এবং দমন-পীড়নের বহু ঘটনা ঘটেছে, যার অনেকগুলোর বিচার ও জবাবদিহি এখনো হয়নি। এসব ঘটনার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশও দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং যারা আত্মসমালোচনার কোনো উদ্যোগ নেয়নি, তাদের কেবল রাজনৈতিক ভারসাম্যের কথা বিবেচনা করে রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত হবে না।
সরকারের দায়িত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। সরকার দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করলে দেশ আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। তিনি জানান, জাতীয় স্বার্থে প্রয়োজনীয় বিষয়ে জামায়াত সংসদে সহযোগিতা করছে, আবার প্রয়োজন হলে গঠনমূলক সমালোচনাও করছে।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে। তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে সম্মান জানানো উচিত এবং কোনোভাবেই তা অবমূল্যায়ন করা উচিত নয়।
সংসদে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে সংসদে অশোভন আচরণ, সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জামায়াত এমন রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে না। তারা একটি গণতান্ত্রিক, শালীন ও কার্যকর সংসদীয় পরিবেশ গড়ে তুলতে চায় এবং বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে অংশ নেন। জুমার নামাজ শেষে তিনি সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণ করেন। পরে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

