চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে ফ্যাটি লিভার একটি নীরব স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। জীবনযাত্রার পরিবর্তন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং স্থূলতার কারণে এ রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ফ্যাটি লিভার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই।
তিনি বলেন, অনেকেই প্রাথমিক পর্যায়ে রোগটির লক্ষণ বুঝতে পারেন না। ফলে যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করায় পরবর্তীতে লিভারের জটিল রোগ, এমনকি সিরোসিসের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, ব্যায়াম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব।

মঙ্গলবার (৯জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মিনি কনফারেন্স হলে ‘গ্লোবাল ফ্যাটি লিভার দিবস’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মেয়র বলেন, সঠিক রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির বিকল্প নেই। চমেক হাসপাতালে সাধারণ মানুষের জন্য আমি দ্রুত একটি ফাইব্রোস্ক্যান মেশিন দেওয়ার ব্যবস্থা করব। সুস্থ নগরীর জন্য তিনি ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ ও ওয়াকওয়ে তৈরির কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ১১টি মাঠের কাজ শেষ পর্যায়ে। এ ছাড়া হাসপাতালের পরিবেশ রক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালু হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ, লিভার কেয়ার সোসাইটি এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

