চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া এবং একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। নির্বাচন কমিশনের আপিল শুনানির কার্য তালিকায় দেখা গেছে, ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া ঋণখেলাপির কারণে মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে (মনোনয়নপত্র বাতিলের জন্য) নির্বাচন কমিশনে আপিল দাখিল করে। ব্যাংক দুটির আপিল শুনানির ধার্য তারিখ গতকাল ১৭ জানুয়ারি নির্ধারিত থাকলেও শুনানি হয়নি। আজ রবিবার শুনানির জন্য ধার্য করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রাম–৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।
নির্বাচন কমিশনে দাখিল করা আপিলের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের জন্য আপিলটি দায়ের করেন ট্রাস্ট ব্যাংকের পক্ষে প্রতিনিধি আবদুল হাকিম। একই অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক এশিয়ার পক্ষে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর আপিল দাখিল করেছেন। এদিকে একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকও নির্বাচন কমিশনে আসলাম চৌধুরীর বিরুদ্ধে একটি আপিল দাখিল (নং ৬২২/২৬) করেন। নির্বাচন কমিশন দুটি ব্যাংক এবং একই আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর আপিল গ্রহণ করে আজ বিকাল ৪টায় শুনানির জন্য নির্ধারণ করেছে। আপিল শুনানিতে আজ আসলাম চৌধুরীর ভাগ্য নির্ধারিত হবে।

