রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত ৬০ জনকে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে বলে জানা গেছে। বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এদিকে খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক অগ্নিদগ্ধকে নেয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।
শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পোস্ট: ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরার হাসপাতালগুলোতে রক্ত লাগবে। রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন।


