লিওনেল মেসি কিংবা লওতারো মার্টিনেজকে মিস করতে হয়নি আর্জেন্টিনাকে। মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে আর্জেন্টিনার ত্রাণকর্তা হলেন থিয়াগো আলমাদা। বিশ্বকাপ বাছাই পর্বে ২৩ বছর বয়সী এই ফুটবলারের দারুণ এক গোলেই স্বাগতিক উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা।
এ জয়ে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে অন্যদের চেয়ে ধরাছোঁয়ার বাইরে পৌঁছে গেছে আর্জেন্টাইনরা। ১৯ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। আগামী ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ৬টি দল। সপ্তম স্থানে থাকা বলভিয়ার সঙ্গে আর্জেন্টিনার ব্যবধান ১৫ পয়েন্ট। ম্যাচ বাকি আছে আর ৫টি। সুতরাং, এখনই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত বলে দেয়া যায়। তবুও কাগজে-কলমের সুক্ষ হিসেব ধরলে আগামী ম্যাচ ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার পরবর্তী বিশ্বকাপ খেলা।

