Sunday, 27 September 2026

[the_ad id='15178']

যানজটের অন্যতম হটস্পট জিইসি মোড়ে চউকের অভিযান:

ভবন ও বাণিজ্যিক স্থাপনায় শৃঙ্খলা আনয়নে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

নগরের অন্যতম ব্যস্ত এলাকা জিইসি মোড়ের বিভিন্ন বাণিজ্যিক ভবন ও শপিং কমপ্লেক্সে পার্কিং ব্যবস্থা, অনুমোদিত নকশা এবং ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদিত নকশা উপস্থাপন এবং ফুটপাত ও অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

- Advertisement -

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে জিইসি মোড় সংলগ্ন সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোরস্থ ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্টের ভবন এবং সড়কের অপর পাশে সিটি করপোরেশন ভবন থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভবনে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

- Advertisement -shukee

পরিদর্শনকালে সেন্ট্রাল প্লাজা কর্তৃপক্ষ জানায়, তাদের কমপ্লেক্সে তিনটি মার্কেট রয়েছে। তবে পরিদর্শনের সময় কোনো মার্কেট কর্তৃপক্ষই চউক অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেনি। পরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশনা দেয়া হয়।

এ সময় চউক চেয়ারম্যান আশপাশের বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক ভবন পরিদর্শন করেন। কয়েকটি প্রতিষ্ঠানের অননুমোদিত স্থানে স্থাপিত সাইনবোর্ড এবং ফুটপাত দখল করে রাখা দোকানের বর্ধিত অংশ সরিয়ে নিতে সাত দিনের সময় দেয়া হয়।

পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “জিইসি মোড় নগরের যানজটের অন্যতম হটস্পট। এখানে বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবন পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি পথচারীদের চলাচলের পথ দখল করে দোকানের মালামাল রাখা হয়েছে।”

তিনি বলেন, “আজ প্রথমবারের মতো আমরা পরিদর্শনে এসেছি। তাই প্রাথমিকভাবে সতর্ক করে সাত দিনের সময় দেয়া হচ্ছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টদের অনিয়ম সংশোধন করে নিতে হবে। তা না হলে চউকের ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।”

সর্বশেষ

এই বিভাগের আরও