জাতীয় যুবদিবস-২০২৪ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান’ হিসেবে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন(এমএফজেএফ) পুরস্কৃত হয়েছে।
আজ (১ নভেম্বর) বেলা ১২টায় এমএফজেএফ নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের কাছ থেকে এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। গতবছরও এ সংগঠন জাতীয় যুবদিবসে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান’ হিসেবে পুরস্কার লাভ করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ড উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।

এমএফজেএফ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মহিন উদ্দীন, উপদেষ্টা নুর উদ্দীন লিটন, সহ-সভাপতি জোবায়ের ইসলাম নিহাল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রায়হান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা, দপ্তর সম্পাদক তামিম আহমেদ ও অন্যান্য সদস্য।

উল্লেখ্য, রবি আজিয়াটা লিমিটেডের সাবেক এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও গ্রামীণ ডিজিটাল হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এমএফজেএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে ২০২২ সালের ১১ জুলাই তিনি এ সংগঠনের গোড়াপত্তন করেন। তাঁর বাবা প্রয়াত লে. ক.(অব.)আবুল মহসিন লুৎফুল করিম সিদ্দিকী ও মা প্রয়াত ফাতেমা সিদ্দিকী। তাঁর মা-বাবার নামে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন–এমএফজেএফ নামক এ সেবাধর্মী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে নানান সামাজিক ও মানবিক কাজের জন্যে ৬ মাসের মধ্যে তিনি তিনটি আন্তর্জাতিক পুরস্কার (মহাত্মা গান্ধি শান্তি পুরস্কার, সাউথ এশিয়া বিজনেস এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ও কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড) অর্জন করেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে সময়োযোগী বিভিন্ন ব্যতিক্রমী সমাজসংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সীতাকুণ্ডের এ কৃতিসন্তান এলাকাবাসীকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তবে নানান সামাজিক ও রাজনৈতিক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেই তাঁকে এ সংগঠনের কার্যক্রম পরিচালিত করতে হয়।
ড. আরমান সিদ্দিকী সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট, সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামসহ স্থানীয় ও জাতীয় বহু সামাজিক ও মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত।


