শিশু কিশোর মেলা, ক্ষুদিরাম পাঠাগার এবং সূর্যসেন পাঠাগারের উদ্যোগে কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার( ২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশ শিশু কিশোর মেলার সংগঠক নেভী দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সূর্যসেন পাঠাগারের সংগঠক লাবনী আক্তার, ক্ষুদিরাম পাঠাগারের সদস্য সচিব অর্পিতা নাথ এবং শিশু-কিশোর মেলার সদস্য ঈশান বড়ুয়া। 
বক্তারা বলেন,”১৮ সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ ছিল ১৩ বছরের কিশোর অপ্রতিম। ১৯ সেপ্টেম্বর তার মরাদেহ উদ্ধার করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের পাহাড় থেকে। নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। অপ্রতিমের হত্যাকাণ্ড প্রমাণ করে, সমাজে আজ শিশু-কিশোররাও নিরাপদ নয়। সারাদেশে অপরাধীরা একের পর এক অপরাধকর্ম ঘটিয়ে চলেছে। কিন্তু দোষীরা বিচার ও শাস্তির মুখোমুখি হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। খুন-ধর্ষণ-চুরি-ছিনতাই নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণ অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছেন।”

শিশু কিশোর মেলা, সূর্যসেন পাঠাগার এবং ক্ষুদিরাম পাঠাগারের সংগঠকরা অবিলম্বে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানান।


