মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে প্রথমবার সাশ্রয়ী মূল্যে নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট উদ্বোধনকালে

সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে আইসিইউ সংখ্যা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে প্রথমবারের মতো সাশ্রয়ী মূল্যে “নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট” উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনাকালে আইসিইউ সংকট যে ভয়াবহ বাস্তবতা সামনে এনেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় আইসিইউ সুবিধা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

- Advertisement -

রবিবার (৫এপ্রিল) দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট” যা চট্টগ্রামে এই ধরনের প্রথম উদ্যোগ এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আইসিইউ সেবা প্রদানের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উন্মোচিত হয়েছে।

- Advertisement -shukee

স্টেপ ডাউন আইসিইউ (Step-down ICU) হলো এমন একটি বিশেষায়িত চিকিৎসা ইউনিট, যেখানে গুরুতর অবস্থার রোগী প্রাথমিক সংকট কাটিয়ে ওঠার পরও নিবিড় পর্যবেক্ষণ ও আংশিক আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলে রাখা হয়। এটি পূর্ণাঙ্গ আইসিইউ-এর তুলনায় কম জটিল হলেও সাধারণ ওয়ার্ডের চেয়ে বেশি উন্নত সুবিধাসম্পন্ন—এখানে রোগীদের মনিটরিং, অক্সিজেন সাপোর্ট, ওষুধ ব্যবস্থাপনা এবং চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান অব্যাহত থাকে। ফলে রোগী ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হওয়ার সময় কম খরচে নিরাপদ চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হয়।

এই ইউনিটে মাত্র সাড়ে ৪ হাজার টাকায় আইসিইউ বেড সুবিধা সহ অত্যন্ত কম খরচে সকল আইসিইউ সেবা চালু করা হয়েছে, যা চট্টগ্রামের মধ্যে সর্বনিম্ন খরচের আইসিইউ সেবা হিসেবে বিবেচিত হবে । এই উদ্যোগের ফলে সাধারণের জন্য উন্নত মানের আইসিইউ সেবা আরো সহজলভ্য হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস এর চেয়ারম্যান ওয়াহেদ মালেক, ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান ও বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ, হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন এসিএ এফসিসিএ, চিফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা কর্মচারীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাকালে আইসিইউর অভাবে রোগীদের যে হাহাকার আমরা দেখেছি, তা আমাদের জন্য বড় শিক্ষা। ভবিষ্যতে যেকোনো মহামারী বা স্বাস্থ্যসংকট মোকাবেলায় আইসিইউ সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।

“চট্টগ্রামবাসীর জন্য সুলভ মূল্যে এমন আধুনিক স্টেপ ডাউন আইসিইউ সেবা চালু হওয়া সত্যিই একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ উন্নত ও নিবিড় চিকিৎসা আরও সহজে গ্রহণের সুযোগ পাবে। এপোলো ইম্পেরিয়াল হসপিটালস-এর এই উদ্যোগ নগরীর স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপন করবে এবং জনসেবায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সুলভ মূল্যে স্টেপ ডাউন আইসিইউ সেবা চালু হওয়া চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা সাধারণ মানুষের জন্য নিবিড় চিকিৎসা আরও সহজলভ্য করবে।

হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক বলেন, অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস -এর লক্ষ্য সবসময়ই সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কোভিড আমাদের শিখিয়েছে, অর্থ নয়, সময়মতো চিকিৎসাই জীবন বাঁচায়। সেই উপলব্ধি থেকেই চট্টগ্রামবাসীর জন্য স্বল্প খরচে স্টেপ ডাউন আইসিইউ সেবা চালু করেছি, যাতে প্রয়োজনের সময় সবাই সহজে নিবিড় চিকিৎসা পেতে পারেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, এই উদ্যোগের মাধ্যমে স্বল্প খরচে উন্নত আইসিইউ সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তি হিসেবে কাজ করবে।

এ প্রসঙ্গে হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস, চক্ষু হাস্পাতাল ট্রাস্ট এবং চট্টগ্রামের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের একটি সমন্বিত উদ্যোগ। যার মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রামবাসীকে সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করা। তারই একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে নিবিড় স্টেপ ডাউন আইসিইউ সেবা।

চিকিৎসা সেবার মান বজায় রেখে সাশ্রয়ী খরচে সেবা প্রদান করাই এই ইউনিটের মূল লক্ষ্য ছিল বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন। এই উদ্যোগের মাধ্যমে অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস পুনরায় প্রমাণ করেছে যে, তারা বিশ্বমানের চিকিৎসাসেবা সাশ্রয়ী মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

“নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট” উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

সর্বশেষ

এই বিভাগের আরও