ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হবে বাংলাদেশের। তার আগে নিজেদের প্রস্তুতির জন্য একটি ম্যাচই খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুবাই অ্যাকাডেমি মাঠে আজ সেই
গা গরমের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
এ ম্যাচের মাধ্যমে দুবাইয়ের কন্ডিশন যথাসম্ভব বুঝে নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্ত বাহিনীর। সেই চেষ্টা করছেন বলেই জানিয়েছিলেন পেসার তানজিম হাসান সাকিব। গত শনিবার তিনি বলেন, ‘উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান বাংলাদেশের গ্রুপেই। দুদল ২৭ ফেব্রুয়ারি একে অপরের মুখোমুখি হবে। আজ পাকিস্তান ‘এ’ দল যাদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামবে, সেই দলে চ্যাম্পিয়ন্স ট্রফির কেউ নেই। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে শান্তদের ‘পাকিস্তান-অভিজ্ঞতা’ নেওয়া হচ্ছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলের কেউ না থাকলেও জাতীয় দলে খেলেছেন, এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ‘এ’ দলের স্কোয়াডে। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তানের হয়ে ২০টি ওয়ানডে, ২৯টি টি-২০ ও ২টি টেস্ট খেলেছেন তিনি। এছাড়াও আছেন একাধিক ম্যাচ খেলা মোহাম্মদ হারিস, আমের জামাল, উসামা মীররা।
১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের আরেকটি ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের বিপক্ষে।

