গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দী পালিয়ে গেছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) বিকালে কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেছে।

কারা সূত্রে জানা গেছে, পলাতক রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায়। ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
সূত্র আরও জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারাগারের ভেতরে রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানার পর কারা কর্তৃপক্ষ কারাগারের বিভিন্ন স্থানে একাধিকবার তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শিরিন আক্তার বলেন, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় নিয়ম অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

