বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী।
সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন মোহাম্মদ সেলিম উদ্দিন। তারা দু’জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আমজাদ হোসেন প্রার্থী হলেও ঋণ খেলাপির দায়ে তার প্রার্থীতা বাতিল করে নির্বাচন পরিচালনা বোর্ড।

এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী।
বাকি সাতটি নির্বাহি সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন ও একেএম সাইফুল্লাহ সাইদ।
নির্বাচন শেষে গতকাল শনিবার বিকালে ভোটের ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। নগরীর রেডিসন ব্লুতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সংগঠনের ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জানান, সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে একক প্রার্থী হওয়ায় ওই দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বাকি দু’টি সহসভাপতি পদ ও সাতটি নির্বাহি সদস্য পদে ভোট গ্রহণ চলে। দুটি সহসভাপতি পদের জন্য লড়াই করেছেন তিনজন। সাতটি সদস্য পদে প্রার্থী ছিলেন ৯জন।
ভোটদান শেষে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন পরে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বতঃস্ফূর্ত আনন্দঘন পরিবেশে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি। ভোটের মাধ্যমে সত্যিকার অর্থে যারা সংগঠনে নেতৃত্বের দাবিদার, তারা নির্বাচিত হবেন। আমরা যাতে সকলের সঙ্গে যোগাযোগ রেখে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারি নির্বাচিত নেতৃবৃন্দ সেই ব্যবস্থা করবেন।
তিনি বলেন, বাংলাদেশে ব্যাসিক কোনো স্টিল মিল নাই। কারণ স্টিল তৈরির প্রধান যে কাঁচামাল সেটি বিদেশ থেকে আমদানি করতে হয়। শিপ ব্রেকিং সেক্টরটি একটি বিশাল সেক্টর, আমাদের দেশে শিপ ব্রেকিংয়ের মাধ্যমে লোহার যোগান দিয়ে আসছে। সুতরাং এটি একটি প্রয়োজনীয় এবং বড় সেক্টর। আশা করছি নতুন নেতৃবৃন্দ এই ব্যবসা যাতে সকলে মিলেমিশে করতে পারি, আন্তর্জাতিকভাবে যেন সুনাম অর্জন করতে পারি এবং আমাদের দেশের লৌহজাত দ্রব্যের যে প্রয়োজন সেটা সুলভ মূল্যে যাতে ব্যবস্থা করতে পারি সেই চেষ্টা করবেন। তারা সুন্দরভাবে এ সেক্টর পরিচালনা করবেন।
শিপ ব্রেকিং ইয়ার্ড এসএন করপোরেশনের মালিক ও ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী বলেন, শিপ ব্রেকিং খাত নিয়ে সকারের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরবো। দেশ ও সমাজের উন্নয়নে আমরা কিছু দাবিও জানাব। আগে অধিকাংশ ইয়ার্ড আধুনিক মানের ছিল না; বর্তমানে পরিবেশ সম্মতভাবে ইয়ার্ড গড়ে তোলার কাজ চলছে। এরই মধ্যে অনেকগুলো গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তর হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা দরকার। আমাদের পক্ষ থেকেও সরকারের কাছে প্রয়োজনীয় দাবি তুলে ধরা হবে।


