যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি যোগব্যায়াম আত্মিক শান্তি ও মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক।
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২১ জুন) বিকালে নৌবাহিনী কনভেনশন সেন্টারে চট্টগ্রামের যোগব্যায়াম উৎসাহীদের সাথে এ দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ইয়োগা ফর হেলদি এজিং’’। অনুষ্ঠানে ৮০০ অধিক জনসমাগম হয়েছিল । যেখানে সমাজের বিভিন্ন স্তরের সুধী জনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাভাইরাস আমাদের শিখিয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তি কতটা জরুরি। যোগচর্চা এই দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত যোগব্যায়াম মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।
চট্টগ্রামে যোগচর্চার প্রসার নিয়ে তিনি বলেন, নগরবাসীর মধ্যে যোগব্যায়ামের আগ্রহ বাড়ছে। স্কুল, অফিস ও কমিউনিটি সেন্টারে নিয়মিত যোগচর্চা চালু করা গেলে নাগরিকদের স্বাস্থ্য ও মনোবল আরও ভালো হবে।
সহকারী হাইকমিশনার শ্রী হারীশ কুমার তার স্বাগত বক্তব্যে বলেন, যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ হলো ‘যুক্ত হওয়া’ বা ‘একত্রিত হওয়া’। এটি দেহ, মন এবং শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়তা করে। প্রায় ৫,০০০ বছর আগে ভারতীয় উপমহাদেশে এর উৎপত্তি হলেও, যোগ কেবল শারীরিক ব্যায়াম বা বিভিন্ন ভঙ্গির অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতের উদ্যোগে United Nations ২০১৪ সালে এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’, যা বয়স বৃদ্ধির সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা, মানসিক স্থিতি এবং জীবনীশক্তি বজায় রাখতে যোগের গুরুত্ব তুলে ধরে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, শরীরকে সক্রিয় রাখে এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে। তাই একটি সুস্থ, সুখী ও মর্যাদাপূর্ণ জীবন গঠনে যোগকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উদ্ধৃত করে তিনি বলেন, “যোগ আমাদের সকলকে সংযুক্ত করে ও একত্রিত করে। যখন যোগ জীবনযাত্রার অংশ হয়ে ওঠে, তখন তা মানব ঐক্যের ভিত্তি স্থাপন করে। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিল্প শেখায় এবং মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথ দেখায়। এটি আমাদের শরীরকে নমনীয় হতে সাহায্য করে এবং আমাদের শক্তির মাত্রা উচ্চ রাখে। শারীরিক সুস্থতা থেকে শুরু করে মনের শান্তি পর্যন্ত, যোগ জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করে।
কোয়ান্টাম ফাউন্ডেশন যোগ অনুশীলন পরিচালনা করে।

