Sunday, 20 September 2026

[the_ad id='15178']

আইভীর জামিন বহাল ১২ মামলায়, কারামুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে এই দুটি মামলাসহ মোট ১২টি মামলায় আইভীর জামিন বহাল থাকল এবং তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

- Advertisement -

রবিবার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দেন।

- Advertisement -shukee

এর আগে ১০ মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পর সিদ্ধিরগঞ্জ থানার ওই দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ২ মার্চ একটি মামলায় এবং ১২ এপ্রিল অপর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। রবিবার ওই দুই আবেদন চেম্বার আদালতের কার্যতালিকায় ৪১ ও ৪২ নম্বরে ওঠে। শুনানি শেষে আদালত ‘নো অর্ডার’ দিলে হাইকোর্টের দেওয়া জামিনই বহাল থাকে।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট জামিন দেন। রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পরে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে এই পাঁচ মামলায় আইভীর জামিন বহাল থাকে।

পরে আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং একটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলা। এই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত জামিন স্থগিত করেন। পরে গত ১০ মে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ১২ মামলায় আইভীকে হাইকোর্টের দেয়া জামিনাদেশ ও জামিন বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আদেশ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর বিষয়টি প্রক্রিয়াধীন। এই প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহেই তিনি মুক্তি পেতে পারেন বলে আশা করছি।

সর্বশেষ

এই বিভাগের আরও