চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউসার আহমেদ। তিনি আকবরশাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
গত সোমবার (১১ মে) রাতে সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসারের মরদেহ দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পাহাড়তলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কাউসারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে সাগরিকা ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করে পাহাড়তলী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা এবং রাজনৈতিক সম্পৃক্ততার দাবি করা হলেও পুলিশ এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে। পুলিশ বলছে, এটি আত্মহত্যার ঘটনা।
কিন্তু ভুক্তভোগীর পরিবার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কায়সারকে পরিকল্পিতভাবে খুন করে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে দেয়ার অভিযোগ তুলেছেন।

