ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে আইইবি- চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল (০৮ মে) সন্ধ্যায় আলোচনা সভা, স্মৃতিচারণ, প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদান, প্রকৌশল খাতে বিশেষ অবদান রাখায় প্রকৌশল ভিত্তিক প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান, স্যুভেনিয়রের মোড়ক উম্মোচন, বিশেষ প্রেজেন্টেশন, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, নৈশভোজ ও সঙ্গীতানুষ্ঠান, র্যাফল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চুয়েটের ভিসি প্রকৌশলী আবদুল মতিন ভূঁইয়া, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সাচিবিক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শোয়েব বাশরি হাবলু, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সহ-সভাপতি প্রকৌশলী মোমিনুল হক, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এডমিন এন্ড ফাইন্যান্স) প্রকৌশলী এ টি এম তানভীর উল হাসান (তমাল), চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন শুভেচ্ছা বক্তব্য এবং কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ)-ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী, পিইঞ্জ. ও সিনিয়র প্রকৌশলী নিখিল রঞ্জন দাশ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট ও পুস্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই চট্টগ্রাম শহর” বসবাসকারী সকল নাগরিকের শহর। এই শহরকে সবুজায়ন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে সচেতন হয়ে কাজ করার আহ্বন জানান। তিনি বলেন, চট্টগ্রাম শহরের মুল সমস্যা হলো জলাবদ্ধতা। তিনি চট্টগ্রামের সকল খালসমূহ খনন করে পানি প্রবাহের উপযোগী করে সমস্যা নিরসনে সহযোগিতা করার জন্য প্রকৌশলী সমাজকে আহ্বান জানান। তিনি আরো বলেন, নগরীতে বিএনবিসি অনুযায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে না, পানির স্তর নীচে নেমে যাচ্ছে ফলে বিল্ডিং দেবে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণ ও নদীর পানি ব্যবহারে প্রকৌশলীদের বিভিন্ন গবেষণা, প্রয়োজনীয় পদ্ধতি ও কৌশল বের করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম শহর নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ চলমান রয়েছে। একাজসমূহ বাস্তবায়ন করে আগামী বৎসরে এর অধিকাংশ সুফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) বলেন, বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সবার আগে বাংলাদেশ গড়তে প্রকৌশলী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, উন্নত দেশসমূহ প্রকৌশল খাতকে যেভাবে উন্নত করেছে আমাদের দেশেও প্রকৌশল বিভাগসমূহের দক্ষতা বৃদ্ধির করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, সিডিএ কর্তৃক গৃহিত সকল প্রকল্পসমূহ যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত সম্পাদন করা হবে, এতে আগামী বর্ষা মৌসুমের পূর্বেই নগরবাসী সুফল ভোগ করতে পারবেন বলে মত ব্যক্ত করেন।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম শহরের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে তুলনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি পায়নি, ত্রিশ বছর পূর্বের জনবল কাঠামো দিয়ে কার্যক্রম চলমান রয়েছে, ফলে নগরবাসী এর সুফল পাচ্ছে না। তিনি নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন।
কাউন্সিল সদস্য প্রকৌশলী তাজুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নুর আমিন ও প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফর, কেন্দ্রীয় কাউন্সিল সসদস্য ও কাউন্সিল সদস্যবৃন্দ।
প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় চুয়েট এর প্রাক্তন ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মফিজুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহীরুল হাসান, চুয়েট এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী কামরুদ্দিন আহমেদ, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মজিবর রহমান, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির মাসুদ, আবুল খায়ের স্টীল প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন কে বিশেষ সম্মাননা প্রদান, এছাড়াও আইইবি, চট্টগ্রাম কেন্দ্র পরিচালিত প্রশিক্ষণ ও বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ)-ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অপরদিকে প্রকৌশল খাতে বিশেষ অবদান রাখায় প্রকৌশল ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), জিপিএইচ ইস্পাত লিমিটেড, সেভেন রিং সিমেন্ট ও এনজিএস সিমেন্ট কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চিকিৎসা সহায়তা হিসেবে প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, এফ-১১৯০৬ কে প্রদান ৫০,০০০/- টাকা ও প্রকৌশলী মোহাম্মদ শফি উল্লাহ, এম-২৪৮০৪ কে ৫০,০০০/- টাকা অনুদান বাবদ চেক প্রদান করা হয়।
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এ ৯৯টি ইভেন্টে ৯টি গ্রুপে ৬০৪টি খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নৈশভোজ শেষে অতিথি শিল্পী ও প্রকৌশলী পরিবারের সদস্যদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।

