প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তার নিজ দপ্তরে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং রাষ্ট্রীয় সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে বিস্তারিত অবগত করেন। তিনি জানান, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠনের ওপর জোর দিয়েছে টিআইবি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন এবং দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের কাছে ইফতেখারুজ্জামান বলেন, ‘সুশাসন ও দুর্নীতিবিরোধী বিষয়ে আমরা সরকারকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নিয়েছেন। এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হওয়া জরুরি, এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।’
ইফতেখারুজ্জামান জানান, ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনের জন্য টিআইবি প্রস্তাব দিয়েছে। এশিয়ায় এর আগে কেবল মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া এই সম্মেলন আয়োজন করেছে। প্রধানমন্ত্রী এই প্রস্তাবের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন এবং মন্ত্রিপরিষদের সম্মতি সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াক- এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। এই বৈঠকে দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, সঠিক রক্ষণাবেক্ষণ এবং ধর্মীয় কল্যাণে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের বৈঠকে ওয়াকফ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সরকারের প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। প্রধানমন্ত্রী বৈঠকে ওয়াকফ এস্টেটগুলোর উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

