Sunday, 27 September 2026

[the_ad id='15178']

আর্চারি বিশ্বকাপে চীনকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা কোয়ার্টার ফাইনালে

নিজস্ব প্রতিবেদক

চীনের সাংহাইয়ে চলমান ‘আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২৬, স্টেজ-২’-এর দ্বিতীয় দিনে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের আরচ্যাররা। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে স্বাগতিক চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

- Advertisement -

একই দিনে রিকার্ভ পুরুষ এককে ভারতের অভিজ্ঞ আরচ্যার অতনু দাসকে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের মিশাদ প্রধান।

- Advertisement -shukee

বুধবার (০৬মে) কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের শেষ ষোলোতে বাংলাদেশ ২৩০-২২৯ স্কোরে শক্তিশালী পিপলস রিপাবলিক অব চায়নাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।

তবে শেষ আটের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছে ২২৪-২৩৪ স্কোরে হেরে বিদায় নিতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের।

অন্যদিকে, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ১/১২ রাউন্ডে বাংলাদেশ ২৩১-২২৭ স্কোরে সিঙ্গাপুরকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে।

তবে পরের ম্যাচে ফ্রান্সের কাছে ২২৯-২৩৪ স্কোরে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ।

ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন বাংলাদেশের আরচ্যাররা।

কম্পাউন্ড পুরুষ এককের ১/২৪ রাউন্ডে ঐশ্বর্য্য রহমান ১৪৫-১৪৪ স্কোরে কাজাখস্তানের দিলমুখমেত মুসাকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন। তবে মহিলা এককে বন্যা আক্তার ও তানিয়া রীমা নিজেদের ম্যাচে হেরে বিদায় নিয়েছেন।

রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের পারফরম্যান্স ছিল আরও উজ্জ্বল। ১/৪৮ রাউন্ডে মিশাদ প্রধান ৭-৩ সেটে ভারতের অভিজ্ঞ অতনু দাসকে হারিয়ে বড় চমক দেখান। এছাড়া রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে কিরগিজস্তানের উলুকবেককে হারিয়ে ১/২৪ রাউন্ডে উঠেছেন। আব্দুর রহমান আলিফ র‍্যাংকিংয়ের ভিত্তিতে ‘বাই’ পেয়ে সরাসরি পরের রাউন্ডে জায়গা করে নেন। তবে রাকিব মিয়া চীনের ইউক্সুয়ান লির কাছে হেরে বিদায় নেন।

রিকার্ভ মহিলা এককে নাসরিন আক্তার ৬-৪ সেটে কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে হারিয়ে ১/২৪ রাউন্ডে উঠেছেন। তবে সায়মা সালাহ উদ্দিন ও সীমা আক্তার শিমু নিজেদের ম্যাচে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেছেন।

কোয়ালিফিকেশন রাউন্ড শেষে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ২০টি দেশের মধ্যে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের অবস্থান ১৫তম। আর আলিফ ও নাসরিনকে নিয়ে গড়া মিশ্র দলগত ইভেন্টে ১৩তম স্থান অর্জন করেছে লাল-সবুজরা।

সর্বশেষ

এই বিভাগের আরও