হঠাৎ করেই হামের প্রকোপ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত টিকাদান কর্মসূচির (ইপিআই) একাধিক কর্মকর্তা।
এদিকে, এদিন দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বিষয়টি জানান। তিনি বলেন, আক্রান্তের হটস্পট বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে আপাতত ৩০টি উপজেলায় এ কর্মসূচি শুরু করা হবে।

যে ৩০ উপজেলা দিয়ে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি
রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, ভোলাহাট, নাটোর সদর, এবং যশোর সদর।
জানা যায়, এ বছর সব মিলিয়ে জরুরি টিকাদান কর্মসূচির আওতায় দেশব্যাপী ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭টি শিশুকে টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে ৯ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

