ম্যাচজুড়ে বল দখলের লড়াই চললেও গোলের জন্য তেমন আক্রমণ দেখা গেলো না। ম্যাড়মেড়ে ম্যাচে ফুটবলপ্রেমীরাও তেমন একটা রোমাঞ্চ পাননি। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কাই হাভার্টজের একমাত্র গোল বদলে দিল সব হিসেব। চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। প্রথম লেগে ৩-২ গোলে জয়ের পর দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করল তারা।

ম্যাচের শুরু থেকেই বড় দুই তারকা মার্টিন ওডেগোর এবং বুকায়ো সাকাকে ছাড়া মাঠে নামে আর্সেনাল। ফলে আক্রমণে কিছুটা ধার কম ছিল। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী চেলসিও আর্সেনালের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। প্রথমার্ধে দুদলই গোল করতে ব্যর্থ হয়।
খেলার নির্ধারিত ৯০ মিনিটেও আসেনি কোনো ফলাফল। তবে সব নাটকীয়তা জমে ছিল অতিরিক্ত সময়ে। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। অল অ্যাটাকে চলে যায় চেলসির ফুটবলাররা।
চেলসির রক্ষণ ফাঁকা পেয়ে প্রতি-আক্রমণে ওঠে আর্সেনাল। ডেক্লান রাইসের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে উচ্ছ্বাসে ভাসান জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ।
এই হারে আর্সেনালের বিপক্ষে চেলসির জয়হীন থাকার রেকর্ড আরও লম্বা হলো। গত ১০ বারের মুখোমুখি লড়াইয়ে একবারও আর্সেনালকে হারাতে পারেনি ব্লুজরা। অন্যদিকে, পাঁচ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল গানাররা। সবশেষ ২০২০ সালে এফএ কাপের ফাইনালে উঠেছিল তারা।
লিগ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালকে লড়তে হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।


