বিএনপি মনোনীত চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড সংসদীয় আসনের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকার সর্বসাধারনদের নিয়ে নিউ মনসুরাবাদ হাই স্কুল মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রান্তিকালে দেশ ও জাতির একমাত্র ভরসা বিএনপি। তিনি বলেন, দেশের কল্যাণের লক্ষ্যে এবং রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে বিএনপি ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে । ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা হলে ৩১ দফা বাস্তবায়ন হবে। এর ফলে দেশ ও জনগণ উপকৃত হবে। তিনি সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।

সভার সভাপতি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনজুরুল আলম মঞ্জু বলেন, ধানের শীষ জয়ী হলে দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক আহমেদ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, মহিলা নেত্রী জোহরা বেগম, আকবর শাহ থানা বিএনপি’র মাইনুদ্দিন চৌধুরী মাইন, আইয়ুব খান, বিএনপি নেতা আলাউদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন টুনু, আব্দুল ওহাব বাবুল, নুরুল আলম ভুট্টু, আলম রনি, মোহাম্মদ জানে আলম পারভেজ, আনোয়ার হোসেন, কামরুদ্দিন রিপন, নুর আহমদ তুহিন, আলী আজগর আরজু, আব্দুল্লাহ আল নাদেন, মনির হোসেন ও রফিকুল ইসলাম।

