সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় শেষ হলো তিনদিন ব্যাপী সারকুলারিটি  কর্মশালা

পরিবেশ সুরক্ষায় পোশাক খাতসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামালের ব্যবহার কমিয়ে আনার তাগিদ বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক

বর্জ্যকে সমস্যা হিসেবে বিবেচনা নয়, বরং সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষত: পোশাক শিল্পে কাঁচামালের ব্যবহার কমিয়ে আনা ও উৎপাদনের বর্জ্য পুনঃব্যবহারের মাধ্যমে এটি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি করে। যখন কোনো প্রতিষ্ঠান কম উপকরণ দিয়ে পণ্য তৈরি করতে পারে, তখন স্বাভাবিকভাবেই উৎপাদন খরচ কমে আসে। একই সঙ্গে, উৎপাদন প্রক্রিয়ায় যে বর্জ্য তৈরি হয় তা যদি নতুন পণ্য বা কাঁচামালে রূপান্তর করা যায়, তাহলে সেখান থেকেও আয় করা সম্ভব। বিশেষত: পোশাক খাতসহ বিভিন্ন শিল্পের বিকাশ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশের টিকে থাকতে হলে এর কোন বিকল্প নেই। এমনকি ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পরিক্রমায় এটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -

বাস্তবতার নিরিখে বর্তমানে তৈরি পোশাক শিল্পে ‘ঝুট’ ব্যবহার করে ম্যাট্রেস বা বালিশ তৈরি করা হয়, কিংবা পরিত্যক্ত প্লাস্টিক বোতল থেকে এখন সুতা উৎপাদন করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন ব্যবসায়িক লাভ নিশ্চিত হয়, অন্যদিকে তেমনি বর্জ্যের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে আসে—যা অর্থনীতি ও পরিবেশ, উভয়ের জন্যই ইতিবাচক।

- Advertisement -shukee

বুধবার (১৪ জানুয়ারি ) রাজধানীর গুলশানের একটি হোটেলে ’সার্কো ট্র্যাক’  (CIRCO Track) শিরোনামে আয়োজিত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সারকুলারিটিকে ভিত্তি করে উদ্ভাবনী মডেলের রূপরেখা তৈরী করা হয়।

সার্কুলার অর্থনীতির ধারণাকে ব্যবসায়ীদের মাঝে আরও ছড়িয়ে দিতে এবং পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে শিল্প প্রতিষ্ঠানে বর্জ্যকে সম্পদে পরিণত করার ব্যবহারিক উপায় তুলে ধরতে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘সার্কো’ পদ্ধতি অণুসরণ করে পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক বিজনেস কনসালট্যান্ট  প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স এই কর্মশালার আয়োজন করে। গত ১১ জানুয়ারি তিনদিন ব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ সোহেল। ১১, ১৩ ও ১৪ জানুয়ারি-এই তিন দিন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  আজ ছিল কর্মশালার শেষ দিন। এতে  সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট, ইকোনমিক অ্যাফায়ার্স বিভাগের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মিস. তানজিলা তাজরিন ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সার্কো ইন্টারন্যাশনালের কো-ফাউন্ডার পিটার ভন ওস,থাইল্যান্ডের  সারকো  ইন্টারন্যাশনালের প্রশিক্ষক নাটিনি দোরা সাই প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব অর্থনীতির সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন (EU) ক্রমাগত পরিবেশবান্ধব উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পরিবেশ সুরক্ষার বিষয়টি বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

এতে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে  বৈশ্বিক ক্রেতারা  ২০৩০ সালের জন্য পুনর্ব্যবহৃত উপকরণ ব্যবহারের দিকে ঝুঁকছে। সার্কো হাব  (CIRCO Hub) বাংলাদেশের উৎপাদনকারীদের টেকসই মানদণ্ড পূরণে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

আয়োজকরা জানান কর্মশালায় পোশাক ও টেক্সটাইল খাতের ১০টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে পোশাকখাতের এস এম ই ছাড়াও, শীর্ষস্থানীয় উৎপাদনকারী, ও বি জি এম ই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাবটি আগামী মাসগুলোতে আরও তিনটি বিশেষায়িত ট্র্যাকের মাধ্যমে ৩০টি প্রতিষ্ঠান থেকে দু্জন করে মোট ৬০ জন কে প্রশিক্ষণ দেবে। ট্র্যাকে অংশগ্রহণকারীরা “সার্কুলারিটি অ্যাম্বাসেডর” হিসেবে গড়ে উঠবেন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবন ও নীতিগত অ্যাডভোকেসির একটি শক্তিশালী ইকোসিস্টেম গঠনে সহায়তা করবেন।

প্রসঙ্গত: সার্কো  হাব বাংলাদেশ একটি কৌশলগত প্ল্যাটফর্ম, যা বিশেষ করে তৈরি পোশাক টেক্সটাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (Small and Medium-sized Enterprises -SMEs) পরিবেশবান্ধব সারকুলার উৎপাদনের দিকে ধাবিত করে। ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির একাডেমিক কাঠামোর ওপর ভিত্তি করে এই পদ্ধতি বিশ্বব্যাপী ব্যাতিক্রমী ব্যবসায়ী মডেল তৈরী করার জন্য স্বীকৃত। এই প্ল্যাটফর্মের আওতায় আড়াই হাজারেরও অধিক বেশি কোম্পানিকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সারকুলারিটিকে আরও সহজ, উন্মুক্ত, ও গ্রহণযোগ্য করার জন্য সার্কো  হাব  পোশাকশিল্পের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের নিয়ে সম্প্রতি একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে এবং স্থানীয় পর্যায়ে সারকুলারিটি বিশেষজ্ঞ তৈরির উদ্দেশ্যে কাজ করছে।

এই উদ্যোগে আরও সহযোগিতা করেছে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি এবং সার্কো নেদারল্যান্ডস।

সর্বশেষ

এই বিভাগের আরও