প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শিরোপার লড়াইয়ে এগিয়ে রয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। তবে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগ কাজে লাগাতে পারল না সিটিজেনরা। গুরুত্বপূর্ণ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে সান্ডারল্যান্ডের মাঠে প্রথমার্ধে দুই দলেরই কেবল একটি করে শট লক্ষ্যে ছিল। ১৯তম মিনিটে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির শট ঠেকান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ৩৭তম মিনিটে আর্লিং হলান্ডের প্রচেষ্টা ব্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গন্সালেসের বদলি হিসেবে লম্বা সময় পর মাঠে ফেরেন রদ্রি। ২০২৪ সালের ব্যালন দ’র জয়ী স্প্যানিশ মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে গত প্রায় তিন মাসে খেলতে পারেন কেবল ১ মিনিট।
৪৮তম মিনিটে সুযোগ পান সাভিনিয়ো। তিনিও পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে। ৭৪তম মিনিটে গোল পেতে পারত সিটি; কিন্তু ইয়োশকো ভার্দিওলের শট পোস্টে লাগে। শেষ দিকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও ডেডলক ভাঙতে পারেনি সিটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারাল তারা।
আট বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের মাঠে খেলা এই মৌসুমে সব দলের জন্যই কঠিন হয়ে উঠছে। এখানে এর আগে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল, অ্যাস্টন ভিলার মতো দলও। সব মিলিয়ে আসরে ঘরের মাঠে ১০ ম্যাচে এখনও হারেনি সান্ডারল্যান্ড (৫ জয় ও ৫ ড্র)।
১৯ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। ৭ জয় ও ৮ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে সান্ডারল্যান্ড।

