শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ নতুন প্রজন্মই গড়ে তুলবেঃ সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “নতুন প্রজন্মের মেধা, সততা ও নৈতিকতার উপরই নির্ভর করছে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়া।” তিনি আরও বলেন, ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব নিতে হবে তরুণ সমাজকে, এবং তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও সমতা ভিত্তিক বাংলাদেশ।

- Advertisement -

শুক্রবার (১২ ডিসেম্বর) বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে হাটহাজারী ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত গুণীজন সংবর্ধনা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে মেয়র এ মন্তব্য করেন।

- Advertisement -shukee

নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতিত্ব অর্জন করেছে তারা দেশ ও জাতির সম্পদ। শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিক শিক্ষা অর্জনই একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে। একজন চিকিৎসকের বড় বড় ডিগ্রি অর্থহীন, যদি সে একটি অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে না পারে। একইভাবে শিক্ষক, আইনজীবীসহ সকল পেশাজীবীর নৈতিক দায়িত্ব হলো গরিব মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আরও বলেন, প্রবাসে থাকা মেধাবী বাংলাদেশিরা তাদের মেধা দিয়ে দেশকে বদলে দিতে পারে। আমি বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েও সবসময় আমাদের শিক্ষার্থীদের বলেছি— তোমরা যেসব প্রযুক্তি শিখছো, সেগুলো বাংলাদেশে প্রয়োগ করো। একটি সমৃদ্ধ, সার্বভৌম ও আধুনিক রাষ্ট্র গঠনে তোমরাই নেতৃত্ব দেবে।

“বাংলাদেশের সবচেয়ে বড় অভাব সততার অভাব। দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। আমরা চাই একটি বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে মানুষের ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, মত প্রকাশের অধিকার, ভোটাধিকার ও মানবাধিকার সমানভাবে নিশ্চিত হবে। মৌলিক অধিকারগুলো পরস্পর সম্পূরক— একটি ছাড়া অন্যটি পূর্ণতা পায় না।”

তরুণদের আন্দোলন ও আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, নতুন প্রজন্ম অকাতরে রক্ত দিয়েছে একটি বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। এই চেতনা আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমি শিশু ও তরুণ প্রজন্মের জন্য ৪১টি ওয়ার্ডে ৪১টি আধুনিক খেলার মাঠ নির্মাণ করছি, ১১টির কাজ প্রায় শেষ।। হাটহাজারীর ঠান্ডাছড়িতে সিটি কর্পোরেশনের জায়গায় একটি আধুনিক বিনোদনকেন্দ্র স্থাপনের প্রস্তুতি চলছে। আগ্রাবাদ, আমবাগান, বিপ্লব উদ্যানসহ নগরের বিভিন্ন এলাকায় নতুন পার্ক ও ওয়াকওয়ে নির্মাণের কাজ চলমান।

অনুষ্ঠানে হাটহাজারী ফাউন্ডেশনের সভাপতি চসিকের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ, ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মাসুদ, ডা. এস এম সারোয়ার আলমসহ হাটহাজারীর কৃতি ব্যক্তিত্বরা অংশ নেন।

ছবি : হাটহাজারী ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত গুণীজন সংবর্ধনা ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও