ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ চলাকালে আরেক নারীর হাতে হামলার শিকার হওয়া এক নারীকে শুক্রবার (১৪ নভেম্বর) জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম পার্থ ভদ্র পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। পুলিশ সালমা ইসলামকে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়, বলে জানান আদালতের এক সাব-ইন্সপেক্টর।

বৃহস্পতিবারের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়ির সামনে এক নারী সালমাকে একটি প্লাস্টিক পাইপ দিয়ে মারধর করছেন। হামলাকারী দাবি করেন, সালমা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
পরে পুলিশ সালমাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
শুক্রবার পুলিশ সালমাকে আদালতে হাজির করে জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
আদালত আবেদন মঞ্জুর করে তার জামিন আবেদন নাকচ করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, আবু সয়েদ মো. সায়েম নামের এক শিক্ষার্থী গত বছরের ১৯ জুলাই ধানমন্ডির সাতমসজিদ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে যোগ দেন, যেখানে তিনি গুলিবিদ্ধ হন।
গত বছরের ১ ডিসেম্বর সায়েম ধানমন্ডি মডেল থানায় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৩৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

