চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনেতা। তারা বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষক কিংবা মেয়র হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। তাই এখান থেকেই শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নগরীর হালিশহরস্থ হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান।

তিনি বলেন, “একটি সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে গড়ে উঠলে তারা সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক নাগরিক হিসেবে তৈরি করা।”
হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের যে কোনো উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন মেয়র। অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সদস্য সচিব জাহেদুল করিম কচি, হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ-এর পরিচালক আব্দুল হান্নান বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি), ঢাকা-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান একেএম নুরুল বাশার ভূঁইয়া ,বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি), ঢাকা-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব (প্রধান আলোচক), বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (চট্টগ্রাম বিভাগ)-এর সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম।

