রংপুরে নিজ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর স্ত্রীসহ দুই সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। বাকবিশিস এর পক্ষ থেকে এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
বাকবিশিস-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এক যৌথ বিবৃতিতে বলেন, একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ও তাঁর পুরো পরিবার নিজ বাসভবনে এমন নিরাপত্তাহীনতার শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারাবেন—এটি অত্যন্ত বেদনাদায়ক, লজ্জাজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এ মর্মান্তিক ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র ফুটিয়ে তুলেছে-যা শিক্ষক সমাজকে গভীরভাবে আতঙ্কিত ও সংক্ষুব্ধ করেছে।

নেতৃবৃন্দ অবিলম্বে এ হত্যাকাণ্ডের নেপথ্যের মূল রহস্য উদ্ঘাটন, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতকরণ এবং শিক্ষক ও তাদের পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

