গতকাল (২৪ আগস্ট) সকালে নগরীর পাহাড়তলীর বিশ্বকলোনিতে রোটারি ক্লাব চিটাগাং লেকভিউর উদ্যোগে একটি কমিউনিটি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জন্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে ২৯৮ জন রোগী ও সেবাগ্রহীতাকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এ কমিউনিটি প্রজেক্টের মূল লক্ষ্য।

স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন রোটারিয়ান ডা. প্রণব প্রসাদ দাশ ও রোটারিয়ান ডা. মৈত্রী বিশ্বাস এবং রোটারি ক্লাব চিটাগাং লেক ভিউ-এর সদস্যবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুবেল চৌধুরী, ট্রেজারার রোটারিয়ান নাজমুস সাকিব, ডিরেক্টর ইন্টারন্যাশনাল রোটারিয়ান প্রফেসর রেজওয়ানুল হক, রোটারিয়ান সরূপ কুমার সেন, কমিটি চেয়ার, সার্ভিস প্রজেক্ট; এবং রিপসা টিমের অ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর, অ্যাডমিন আইপিপি রোটারিয়ান মাহবুবুল করিম।
আয়োজকেরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে রোটারি ক্লাব চিটাগাং লেক ভিউ-এর এ ধরনের কমিউনিটি প্রজেক্ট ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

