পৃথিবীর পরিবেশগত সংকটের আলোচনায় প্লাস্টিক দূষণ এখন আর কোনো বিচ্ছিন্ন বর্জ্য সমস্যা নয়; এটি জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, নদী ও সমুদ্রদূষণ, নগর জলাবদ্ধতা, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, পর্যটন, মৎস্যসম্পদ এবং কোটি মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি আন্তঃসংযুক্ত সংকট। আমাদের দৈনন্দিন জীবনের একটি প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ কিংবা খাবারের মোড়ক ব্যবহারের পর চোখের আড়ালে চলে গেলেও প্রকৃতিতে তার যাত্রা সেখানেই শেষ হয় না। বৃষ্টির পানি তাকে নিয়ে যেতে পারে নর্দমায়, নর্দমা থেকে খালে, খাল থেকে নদীতে, নদী থেকে মোহনায় এবং শেষ পর্যন্ত সমুদ্রে। আবার কোনো প্লাস্টিক নালা বা ড্রেনের প্রবাহ আটকে দিয়ে জলাবদ্ধতা বাড়াতে পারে, কৃষিজমি ও জলাশয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে কিংবা দীর্ঘ সময় ধরে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাইক্রোপ্লাস্টিক হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। ফলে প্লাস্টিকের একটি বর্জ্য কখনো কেবল একটি বর্জ্য নয়; এটি একটি দীর্ঘ পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রবাহের অংশ।
এই আন্তঃসংযুক্ত বাস্তবতাকে বোঝার জন্য ‘ব্লু প্রিজম’ একটি গুরুত্বপূর্ণ ধারণাগত কাঠামো হিসেবে বিবেচনা করা যেতে পারে। এখানে ‘ব্লু প্রিজম’ কোনো নির্দিষ্ট প্রকল্প, প্রতিষ্ঠান বা কর্মসূচির নাম নয়; বরং প্লাস্টিক দূষণকে বিচ্ছিন্নভাবে না দেখে নদী অববাহিকা, নগর, উপকূল, সমুদ্র, জলবায়ু, অর্থনীতি এবং মানুষের জীবন-জীবিকার পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে দেখার একটি দৃষ্টিভঙ্গি। এর মূল ভাবনা হলো- প্লাস্টিকের উৎস থেকে তার প্রবাহ, প্রবাহ থেকে পরিবেশগত অভিঘাত এবং সেই অভিঘাত থেকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি- পুরো ধারাটিকে একই সঙ্গে বিবেচনা করা। অর্থাৎ কোনো একটি স্থানে প্লাস্টিক পরিষ্কার করাই চূড়ান্ত সমাধান নয়; বরং কোথা থেকে প্লাস্টিক আসছে, কীভাবে তা পরিবেশে প্রবেশ করছে, কোন জলপথে প্রবাহিত হচ্ছে, কোথায় জমা হচ্ছে এবং কীভাবে তাকে অর্থনৈতিক ব্যবস্থায় পুনরায় ফিরিয়ে আনা যায় এই সম্পূর্ণ জীবনচক্রকে বুঝতে হবে।

বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন গত কয়েক দশকে অভূতপূর্বভাবে বেড়েছে। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদিত হয়েছিল। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির বিভিন্ন বিশ্লেষণ দেখিয়েছে, উৎপাদিত প্লাস্টিকের একটি বড় অংশ যথাযথভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার আওতায় আসে না। ফলে নদী, খাল, জলাভূমি, উপকূল ও সমুদ্র ক্রমেই প্লাস্টিকের আধারে পরিণত হচ্ছে। বিশ্বব্যাংকের বিশ্লেষণেও বাংলাদেশে অনুপযুক্ত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কারণে নদী, জলাশয় ও পরিবেশে প্লাস্টিকের প্রবাহ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষণা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণগুলো ক্রমাগত দেখাচ্ছে যে স্থলভাগ থেকে নদীপথ হয়ে সমুদ্রে যাওয়া প্লাস্টিক এখন সামুদ্রিক বাস্তুতন্ত্রের অন্যতম বড় হুমকি।
প্লাস্টিক দূষণের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্কটিও ক্রমেই স্পষ্ট হচ্ছে। প্লাস্টিক মূলত জীবাশ্ম জ্বালানি-নির্ভর শিল্পের একটি গুরুত্বপূর্ণ পণ্য। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে প্লাস্টিক উৎপাদন, পরিবহন, ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়েই গ্রিনহাউস গ্যাস নির্গমনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস,ভূমিধস ও উপকূলীয় প্লাবনের মতো ঘটনা বাড়লে পরিবেশে ছড়িয়ে থাকা প্লাস্টিক দ্রুত জলপ্রবাহের সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন প্লাস্টিকের পরিবহন ও বিস্তারের ঝুঁকি বাড়াতে পারে, আবার প্লাস্টিক উৎপাদন ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত নির্গমন জলবায়ু পরিবর্তনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তাই দুটি সংকটকে আলাদা করে দেখার সুযোগ ক্রমেই কমে আসছে।
চট্টগ্রামের বাস্তবতা এই সম্পর্ককে বিশেষভাবে দৃশ্যমান করে। দেশের অন্যতম প্রধান নগর, বন্দর, শিল্প ও বাণিজ্যকেন্দ্র হিসেবে চট্টগ্রামে প্রতিদিন বিপুল পরিমাণ কঠিন বর্জ্য উৎপন্ন হয়। এর একটি উল্লেখযোগ্য অংশ প্লাস্টিক। যথাযথভাবে সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহার না হলে এই প্লাস্টিকের একটি অংশ নগরীর নালা, খাল ও জলপ্রবাহে প্রবেশ করে। বর্ষাকালে অতিবৃষ্টির সময় এই বর্জ্য দ্রুত বিভিন্ন জলপথে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের পরিবেশে পৌঁছানোর ঝুঁকি তৈরি করে। ফলে নগর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা শুধু নগরের পরিচ্ছন্নতার সমস্যা তৈরি করে না; এটি নদী, বন্দর, উপকূল এবং সামুদ্রিক পরিবেশের ওপরও প্রভাব ফেলে।
চটগ্রামের কর্ণফুলী নদীকে কেন্দ্র করে পরিচালিত বিভিন্ন গবেষণায় নদীতে বিপুল পরিমাণ বর্জ্য প্রবেশের চিত্র উঠে এসেছে। কিছু গবেষণায় দৈনিক শত শত টন বর্জ্য নদীতে প্রবেশের কথা উল্লেখ করা হয়েছে এবং প্লাস্টিককে এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবার চট্টগ্রাম নগর থেকে প্রতিদিন উৎপন্ন প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশ খাল ও নালা হয়ে কর্ণফুলীতে পৌঁছানোর আশঙ্কার কথাও গবেষণায় উঠে এসেছে। এসব তথ্যের নির্দিষ্ট পরিমাণ নিয়ে গবেষণাভেদে পার্থক্য থাকলেও মূল বাস্তবতাটি স্পষ্ট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও কর্ণফুলী নদীর স্বাস্থ্য একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। নদীর ওপর চাপ বাড়লে নৌপরিবহন, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং বন্দর অর্থনীতির ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
কর্ণফুলী নদীর এই বাস্তবতা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নদী শুধু পানি বহন করে না; নদী মানুষের কর্মকাণ্ডের ফলাফলও বহন করে। উজানের একটি বাজার, নগরের একটি ড্রেন, একটি শিল্পপ্রতিষ্ঠান, একটি পর্যটনকেন্দ্র কিংবা একটি গৃহস্থালির বর্জ্য শেষ পর্যন্ত অনেক দূরের কোনো নদী বা সমুদ্রের পরিবেশকে প্রভাবিত করতে পারে। ফলে প্লাস্টিক দূষণ মোকাবিলায় প্রশাসনিক সীমানার চেয়ে জলপ্রবাহের সীমানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নদীকে একটি সংযুক্ত সামাজিক-প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করাই এখানে কার্যকর পথ।
এই জায়গাতেই ‘ব্লু প্রিজম’-এর মূল দর্শন সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। উজানে যেখানে প্লাস্টিক তৈরি ও ব্যবহার হচ্ছে, সেখানে উৎস নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে বর্জ্য উৎপন্ন হচ্ছে, সেখানে তা আলাদা করতে হবে। যেখানে নদী বা খালে প্রবেশের সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে প্লাস্টিক জমা হচ্ছে, সেখানে বৈজ্ঞানিকভাবে তা সংগ্রহ ও পুনর্ব্যবহার করতে হবে। আর যেখানে পুনর্ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে প্লাস্টিককে বর্জ্য না দেখে অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। এই ধারাবাহিকতাই প্লাস্টিক দূষণ মোকাবিলাকে পরিচ্ছন্নতা অভিযান থেকে একটি সমন্বিত সম্পদ ব্যবস্থাপনার পর্যায়ে নিয়ে যেতে পারে।
বাংলাদেশের নদীমাতৃক ভূগোল এই বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বাংলাদেশ নিম্নপ্রবাহের দেশ হওয়ায় উজানের পানি, পলি ও বিভিন্ন ধরনের দূষণ নিম্নপ্রবাহে এসে জমা হয়। ফলে দেশের অভ্যন্তরে উৎপন্ন প্লাস্টিকের পাশাপাশি সীমান্তবর্তী ও উজানের জলপ্রবাহের মাধ্যমে আসা প্লাস্টিকও বাংলাদেশের নদী ও উপকূলীয় পরিবেশে যুক্ত হতে পারে। এই বাস্তবতায় শুধু ভাটিতে গিয়ে পরিষ্কার করার কৌশল দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে না। উজান ও ভাটির মধ্যে পরিবেশগত সম্পর্ককে বিবেচনায় নিয়ে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
কক্সবাজারের ক্ষেত্রে এই সংযোগ আরও তাৎপর্যপূর্ণ। পৃথিবীর অন্যতম পরিচিত দীর্ঘ সমুদ্রসৈকতকে ঘিরে গড়ে ওঠা পর্যটন অর্থনীতি স্থানীয় মানুষের আয়, কর্মসংস্থান, হোটেল-রেস্তোরাঁ, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। পর্যটনের প্রসারের সঙ্গে প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেট, পলিথিন, একবার ব্যবহারযোগ্য খাদ্যপাত্রসহ নানা ধরনের প্লাস্টিকের ব্যবহারও বাড়ে। ফলে সৈকতে পড়ে থাকা একটি প্লাস্টিক শুধু সৌন্দর্য নষ্ট করে না; এটি সামুদ্রিক জীববৈচিত্র্য, পর্যটকের অভিজ্ঞতা এবং স্থানীয় অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। এ কারণে কক্সবাজারে প্লাস্টিক ব্যবস্থাপনাকে শুধু পরিচ্ছন্নতা কর্মসূচি হিসেবে নয়, টেকসই পর্যটন ও জলবায়ু-সহনশীল উপকূল ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখতে হবে।
চট্টগ্রাম ও কক্সবাজারকে তাই দুটি পৃথক ভৌগোলিক অঞ্চল হিসেবে দেখার পরিবর্তে একটি বৃহত্তর উপকূলীয় পরিবেশগত ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। চট্টগ্রামের নগর ও শিল্পাঞ্চল থেকে নদী ও উপকূলের দিকে প্লাস্টিকের প্রবাহ এবং কক্সবাজারের পর্যটন ও উপকূলীয় এলাকায় প্লাস্টিকের ব্যবহার দুটি বাস্তবতা একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্ককে কেন্দ্র করে উৎস থেকে সমুদ্র পর্যন্ত প্লাস্টিকের গতিপথ বোঝার যে পদ্ধতি, সেটিই ‘উৎস-থেকে-সমুদ্র’ বা ‘সোর্স-টু-সি’ দৃষ্টিভঙ্গি। এর মাধ্যমে বোঝা সম্ভব হয় কোথায় হস্তক্ষেপ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যাবে।
তবে প্লাস্টিক দূষণের সমাধান শুধু সংগ্রহ ও পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। একটি সৈকত থেকে এক টন প্লাস্টিক সংগ্রহ করা নিঃসন্দেহে ইতিবাচক কাজ, কিন্তু যদি একই ধরনের প্লাস্টিক পরদিন আবার সৈকতে ফিরে আসে, তাহলে সমস্যার মূল কারণ অক্ষতই থেকে যায়। তাই পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজন দূষণের উৎস প্রতিরোধ। কম ব্যবহার, পুনঃব্যবহার, উৎসস্থলে পৃথকীকরণ, সংগ্রহ, পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং পুনরায় অর্থনীতিতে ফিরিয়ে দেওয়ার একটি ধারাবাহিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এখানেই চক্রাকার অর্থনীতি বা সার্কুলার অর্থনীতির ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় আমরা সাধারণত সম্পদ সংগ্রহ করি, পণ্য তৈরি করি, ব্যবহার করি এবং শেষে ফেলে দিই। এই সরলরৈখিক ব্যবস্থার পরিবর্তে চক্রাকার অর্থনীতি পণ্য ও উপাদানকে যত বেশি সম্ভব সময় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ধরে রাখার চেষ্টা করে। প্লাস্টিকের ক্ষেত্রে এর অর্থ হলো ব্যবহারের পর প্লাস্টিককে পরিত্যক্ত বস্তু হিসেবে না দেখে সংগ্রহ, বাছাই, পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং নতুন পণ্যের কাঁচামাল হিসেবে পুনরায় ব্যবহার করা।
চট্টগ্রামে প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহারকে ঘিরে ইতোমধ্যে যে বিভিন্ন উদ্যোগ গড়ে উঠেছে, সেগুলো এই সম্ভাবনার বাস্তব উদাহরণ। বিভিন্ন অংশীজনের উদ্যোগে প্লাস্টিক সংগ্রহকারী নেটওয়ার্ক, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বাজার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার সঙ্গে অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহকারীদের যুক্ত করার চেষ্টা হয়েছে। হাজারো সংগ্রাহকের শ্রমের মাধ্যমে এমন বিপুল পরিমাণ প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য প্রবাহে ফিরছে, যা অন্যথায় ড্রেন, খাল, নদী কিংবা ভাগাড়ে চলে যেতে পারত। এই বাস্তবতা দেখিয়ে দেয়, পরিবেশ রক্ষার সঙ্গে জীবিকা ও স্থানীয় অর্থনীতিকে যুক্ত করা সম্ভব।
অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহকারীদের বিষয়টি এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শহরের অলিগলি, বাজার, আবাসিক এলাকা ও বাণিজ্যিক অঞ্চল থেকে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ করে তারা প্রকৃতপক্ষে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সেবা দিয়ে থাকেন। অথচ এই জনগোষ্ঠী অনেক সময় সামাজিক মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মূল্য, স্বাস্থ্যসুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি থেকে বঞ্চিত থাকে। প্লাস্টিক ব্যবস্থাপনার ভবিষ্যৎ কাঠামোতে তাদের বাদ দেয়া হলে বাস্তব সংগ্রহ ও পুনর্ব্যবহার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। তাই তাদের শুধু বর্জ্য সংগ্রহকারী নয়, বরং পরিবেশ ব্যবস্থাপনার অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
একই সঙ্গে উৎপাদক ও ব্যবসায়ীদের দায়িত্বও নতুনভাবে বিবেচনা করা জরুরি। একটি প্লাস্টিক পণ্য বাজারে আসার পর তার ব্যবহার শেষে কী হবে এই প্রশ্নের দায়িত্ব শুধু ভোক্তার ওপর চাপিয়ে দিলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। উৎপাদকদের পণ্যের পুরো জীবনচক্রের প্রতি দায়িত্বশীল হতে হবে। সম্প্রসারিত উৎপাদক দায়িত্ব বা ‘উৎপাদক-দায়িত্ব সম্প্রসারণ’ ব্যবস্থার মাধ্যমে উৎপাদকদের পুনর্ব্যবহারযোগ্য নকশা, পুনঃসংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে ভূমিকা রাখার সুযোগ তৈরি করা যেতে পারে। এতে পরিবেশগত দায়িত্ব এবং ব্যবসায়িক দায়িত্ব একই কাঠামোর মধ্যে যুক্ত হবে।
প্লাস্টিক দূষণ মোকাবিলায় জনসচেতনতাও অপরিহার্য। তবে সচেতনতা বলতে শুধু সভা, পোস্টার কিংবা প্রচারাভিযান বোঝালে হবে না। মানুষের দৈনন্দিন আচরণে পরিবর্তন আনতে হবে। বাজারে নিজের ব্যাগ বহন করা, একবার ব্যবহারযোগ্য বোতলের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করা, বাড়িতে প্লাস্টিক আলাদা রাখা, সংগ্রাহকের কাছে তা হস্তান্তর করা এবং অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার না করা এসব ছোট আচরণগত পরিবর্তন সম্মিলিতভাবে বড় পরিবেশগত পরিবর্তন সৃষ্টি করতে পারে। বিশেষ করে বিদ্যালয় পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ ও দায়িত্বশীল ভোগের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দীর্ঘস্থায়ী পরিবর্তন সম্ভব।
এই পরিবর্তনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পরিবহন, পুনর্ব্যবহার এবং নিষ্পত্তি, এসবের অধিকাংশই স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত হয়। তাই স্থানীয় সরকার, বেসরকারি খাত, পুনর্ব্যবহারকারী, অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহকারী, নাগরিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্লাস্টিক ব্যবহারের বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে আইনের বাস্তব প্রয়োগও নিশ্চিত করতে হবে।
প্লাস্টিক ব্যবস্থাপনার সঙ্গে জলবায়ু অভিযোজনের সম্পর্কটিও স্থানীয় পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। অতিবৃষ্টির সময় প্লাস্টিক ও পলিথিনে ড্রেন ও খাল আটকে গেলে জলাবদ্ধতা বাড়ে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় ছড়িয়ে থাকা প্লাস্টিক দ্রুত নদী ও সমুদ্রে চলে যেতে পারে। অর্থাৎ দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা অনেক ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের অভিঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে। বিপরীতে সচল জলপ্রবাহ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা একটি এলাকার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এই কারণে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতার বৃহত্তর পরিকল্পনার সঙ্গে যুক্ত করা প্রয়োজন।
এখানে তথ্য ও গবেষণার গুরুত্বও অপরিসীম। কোনো এলাকার প্লাস্টিক সমস্যা সমাধানের আগে জানা দরকার কোথায় প্লাস্টিক বেশি জমছে, কোন ধরনের প্লাস্টিক বেশি ব্যবহৃত হচ্ছে, কোন মৌসুমে এর প্রবাহ বাড়ছে, কোন বাজার বা পর্যটনকেন্দ্র থেকে বেশি বর্জ্য তৈরি হচ্ছে, কোন খাল বা নালা নদীর সঙ্গে সরাসরি যুক্ত এবং কোন ধরনের প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য বাজার রয়েছে। ভৌগোলিক অবস্থান, ছবি, বর্জ্যের ধরন, আনুমানিক পরিমাণ, উৎস, প্রবাহের পথ এবং মৌসুমি পরিবর্তনের তথ্য একত্রিত করা গেলে একটি কার্যকর প্লাস্টিক দূষণ মানচিত্র তৈরি করা সম্ভব। তখন সিদ্ধান্ত অনুমানের ওপর নয়, প্রমাণভিত্তিক তথ্যের ওপর নির্ভর করবে।
তবে শেষ পর্যন্ত কোনো প্রযুক্তি, আইন কিংবা অবকাঠামো একা প্লাস্টিক দূষণের সমাধান করতে পারবে না। মানুষের আচরণ, বাজারের কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার পরিবর্তন অপরিহার্য। একটি প্রকল্প বা কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরও যদি স্থানীয় মানুষ নিজের নদী, খাল, সৈকত ও পরিবেশের দায়িত্ব নিজের বলে মনে করেন, তবেই স্থায়ী পরিবর্তন সম্ভব। তাই জনগণকে কেবল সুবিধাভোগী হিসেবে নয়, পরিবেশ ব্যবস্থাপনার মালিক ও অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে।
‘ব্লু প্রিজম’ মূলত এই সামগ্রিক চিন্তারই প্রতীক। এর মাধ্যমে প্লাস্টিককে কেবল একটি বর্জ্য হিসেবে নয়, বরং একটি প্রবাহ হিসেবে দেখা যায়; নদীকে কেবল পানি বহনকারী জলধারা হিসেবে নয়, বরং একটি সংযুক্ত সামাজিক-প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে দেখা যায়; বর্জ্য সংগ্রহকারীকে কেবল শ্রমিক হিসেবে নয়, বরং পরিবেশের অনানুষ্ঠানিক রক্ষক হিসেবে দেখা যায়; পর্যটনকে শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে নয়, বরং উপকূলীয় পরিবেশের অংশ হিসেবে দেখা যায় এবং পুনর্ব্যবহারকে শুধু বর্জ্য কমানোর পদ্ধতি হিসেবে নয়, বরং নতুন অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখা যায়।
চট্টগ্রাম থেকে কর্ণফুলী, কর্ণফুলী থেকে বঙ্গোপসাগর এবং উপকূল থেকে কক্সবাজারের পর্যটন অর্থনীতি—এই পুরো ভূদৃশ্য আমাদের একটি মৌলিক সত্যের সামনে দাঁড় করায়। প্রকৃতিতে কোনো বর্জ্যই এক জায়গায় থাকে না এবং পরিবেশগত কোনো সমস্যাই একক প্রতিষ্ঠানের সীমানার মধ্যে আটকে থাকে না। একটি নগরের বর্জ্য নদীতে গিয়ে পৌঁছাতে পারে, নদীর দূষণ সমুদ্রকে প্রভাবিত করতে পারে, সমুদ্রের দূষণ মাছ ও পর্যটনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এর প্রভাব শেষ পর্যন্ত মানুষের আয়, স্বাস্থ্য ও জীবনযাত্রায় ফিরে আসতে পারে। তাই সমস্যার প্রকৃতি যখন আন্তঃসংযুক্ত, সমাধানও হতে হবে আন্তঃসংযুক্ত।
এই দৃষ্টিভঙ্গিতে প্লাস্টিক দূষণ মোকাবিলার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত শুধু নদী বা সৈকত পরিষ্কার করা নয়; বরং নদীতে প্লাস্টিক যাওয়ার আগেই তা প্রতিরোধ করা। শুধু পুনর্ব্যবহার নয়; প্রয়োজন এমন উৎপাদন ও ভোগব্যবস্থা গড়ে তোলা, যেখানে অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমে। শুধু বর্জ্য সংগ্রহ নয়; প্রয়োজন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবিকার সঙ্গে সংগ্রহব্যবস্থাকে যুক্ত করা। শুধু পর্যটনকেন্দ্র পরিষ্কার রাখা নয়; প্রয়োজন দায়িত্বশীল পর্যটন ও পরিবেশবান্ধব ব্যবসায়িক আচরণ গড়ে তোলা। শুধু আইন প্রণয়ন নয়; প্রয়োজন কার্যকর প্রয়োগ ও সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি করা।
বাংলাদেশের মতো নদীমাতৃক, ঘনবসতিপূর্ণ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই সমন্বিত দৃষ্টিভঙ্গি আরও জরুরি। কারণ এখানে প্লাস্টিক দূষণের প্রতিটি স্তর অন্য একটি পরিবেশগত ও সামাজিক ঝুঁকির সঙ্গে যুক্ত। একটি আটকে থাকা নালা জলাবদ্ধতা বাড়াতে পারে, জলাবদ্ধতা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে, নদীর প্লাস্টিক মৎস্যসম্পদকে ক্ষতিগ্রস্ত করতে পারে, উপকূলীয় দূষণ পর্যটনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং দুর্বল পুনর্ব্যবহার ব্যবস্থা একই সঙ্গে কর্মসংস্থানের একটি সম্ভাবনাকেও নষ্ট করতে পারে।
সুতরাং ‘ব্লু প্রিজম’ কোনো প্রকল্পের সীমার মধ্যে আবদ্ধ ধারণা নয়; এটি হতে পারে প্লাস্টিক দূষণ মোকাবিলায় একটি নতুন চিন্তার ভাষা। এই ভাষা আমাদের শেখায়, প্লাস্টিকের সমস্যা যেখানে দৃশ্যমান হয় সেখানে গিয়ে শুধু সমস্যাটিকে পরিষ্কার না করে তার উৎসের দিকে তাকাতে হবে; নদীতে বর্জ্য পৌঁছানোর পর শুধু তা সংগ্রহ না করে কেন সেখানে পৌঁছাল তা জানতে হবে; সমুদ্রসৈকতে প্লাস্টিক পাওয়ার পর শুধু সৈকত পরিষ্কার না করে কোনো ভোগ ও উৎপাদনব্যবস্থা সেই প্লাস্টিক তৈরি করছে তা বুঝতে হবে এবং পুনর্ব্যবহারের বাজার তৈরি করার পাশাপাশি কেন এত প্লাস্টিক একবার ব্যবহারের পর পরিত্যক্ত হচ্ছে সেই প্রশ্নও তুলতে হবে।
শেষ পর্যন্ত প্লাস্টিক দূষণ মোকাবিলার লড়াই আসলে একটি পরিচ্ছন্ন পৃথিবীর জন্য লড়াই হলেও তার পরিধি আরও বড়। এটি জলবায়ু সহনশীল শহর ও উপকূল গড়ে তোলার লড়াই, নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার লড়াই, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য নিশ্চিত করার লড়াই, অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের মর্যাদাপূর্ণ জীবিকার লড়াই এবং স্থানীয় অর্থনীতিকে আরও টেকসই করার লড়াই। এই লড়াইয়ে সফল হতে হলে আমাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে—‘বর্জ্য’ থেকে ‘সম্পদে’, ‘পরিষ্কার’ থেকে ‘প্রতিরোধে’, ‘উপকারভোগী’ থেকে ‘অংশীদারে’ এবং ‘স্থানীয় সমস্যা’ থেকে ‘উৎস-থেকে-সমুদ্র’ বা সামগ্রিক পরিবেশগত ব্যবস্থাপনার দিকে।
সেই অর্থে ‘ব্লু প্রিজম’ কোনো শেষ কথা নয়; বরং একটি নতুন প্রশ্ন করার পদ্ধতি। আমরা যখন একটি প্লাস্টিকের বোতল দেখি, তখন শুধু সেটিকে আবর্জনা হিসেবে না দেখে তার পুরো যাত্রাপথ দেখতে শিখি—কোথা থেকে এসেছে, কেন ব্যবহার হয়েছে, কোথায় ফেলা হয়েছে, কীভাবে নদীতে যাবে, কোথায় গিয়ে জমবে, কার জীবনে তার প্রভাব পড়বে এবং কীভাবে আবার তাকে অর্থনীতির চক্রে ফিরিয়ে আনা যায়। এই দৃষ্টিভঙ্গিই হয়তো আমাদের প্লাস্টিক সংকটের গভীরতর সমাধানের দিকে নিয়ে যেতে পারে।
কারণ প্লাস্টিকের গল্প আসলে একটি বোতল, একটি পলিথিন বা একটি প্যাকেটের গল্প নয়। এটি আমাদের উৎপাদন, ভোগ, নগরায়ণ, নদী, সমুদ্র, জলবায়ু, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের গল্প। আর সেই গল্পকে নতুনভাবে পড়ার জন্যই ‘ব্লু প্রিজম’ একটি শক্তিশালী প্রতীক—উৎস থেকে সমুদ্র, বর্জ্য থেকে সম্পদ, ঝুঁকি থেকে সহনশীলতা এবং বিচ্ছিন্ন উদ্যোগ থেকে সমন্বিত পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়ার একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি।
লেখক: প্রকল্প কর্মকর্তা- ইপসা।

