Tuesday, 25 August 2026

[the_ad id='15178']

মাদক ও মোবাইল আসক্তিকে শিক্ষার্থীদের ‘লালকার্ড’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

- Advertisement -shukee

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা তৈরি করা জরুরি। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মাদকের নির্মম থাবায় এই এলাকায় ছেলের হাতে মা-বাবা খুন হওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। মাদক নির্মূলে আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং আইনের আওতায় আনার চেষ্টা করছি। সামাজিক এই ব্যাধি রুখে দিতে না পারলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক শপথ পাঠ করান ইউএনও মো. মহিন উদ্দিন। শপথ গ্রহণ শেষে উপস্থিত শিক্ষার্থীরা একযোগে লাল কার্ড প্রদর্শন করে সামাজিক অপরাধ প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এবং সংগঠনের সদস্য সাইফুল ও আশিক।

সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল জানান, টিফিনের টাকা বাঁচিয়ে ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সচেতনতায় কাজ করছে তাদের সংগঠন। আনোয়ারার এই অনুষ্ঠানটি ছিল তাদের ১ হাজার ৯৪২তম কর্মসূচি।

একই দিন উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়েও অনুরূপ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও