বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট দেয়ায় দেশের কয়েকজন তারকাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা এটিকে ‘মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে’ প্রতিবাদ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা—জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সাকিব খান, সাকিব আল হাসান, ফারাবি হাফিজ, আব্দুল নূর তুষার, নাজিফা তুষি এবং আর্টসেল ব্যান্ডের লিঙ্কনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন। এসময় তারা তারকাদের বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা সেই সকল তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী মো. সামিউল হক বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে তোলা হয়েছিল।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। কিন্তু এক বছরের মাথায় তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সেই পুরোনো ‘বাকশালি ও মুজিববাদী’ বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাদের এই সাংস্কৃতিক ফ্যাসিজম ফিরিয়ে আনার অপচেষ্টার বিরুদ্ধেই আমাদের এই কর্মসূচি।

