চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের গিয়েছিল বাংলাদেশ দল। যেখানে টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল ম্যান ইন গ্রিনরা। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মাঠে নেমেছে লিটন বাহিনী। মিরপুরে প্রথম ম্যাচে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রইল বাংলাদেশ।
রবিবার (২০ জুলাই) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১১ রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ২৭ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ইমন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪ বলে ১ রান করে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। তিন ব্যাট করতে নেমে ১ রানে আউট হন লিটনও। এতে ৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
তবে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন এবং তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে টাইগাররা। কিন্তু ফিফটি তুলতে পারেননি হৃদয়, ৩৭ বলে ৩৬ রান করে বোল্ড আউট হন এই টাইগার ব্যাটার। এতে ৮০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

