চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেড ফোন লাগিয়ে পাবজি খেলতে খেলতে ট্রেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. নোমান (১৫), পেছন থেকে একটি ট্রেন এসে ধাক্কা দিলে কয়েক টুকরো হয়ে নিমিষেই প্রাণ গেলো কিশোরটির।
বৃহস্পতিবার (১৬ মে) রাত দশটার দিকে সীতাকুণ্ড পৌরসভাধীন উত্তর এয়াকুবনগর এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত নোমান পৌরসভার উত্তর এয়াকুবনগর গ্রামের মো. আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে কাটা নিহত নোমান এলাকায় রেললাইন দিয়ে হেঁটে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এই সময় সে কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলছিল। হঠাৎ চট্টগ্রামমুখি একটি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সেই ঘটনাস্থলেই দুটুকরো হয়ে যায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ সিদ্দিক বলেন, ট্রেনে কাঁটা পড়ে নিহতের কোনো সংবাদ পাইনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
স্থানীয় বাসিন্দা ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে চাটগাঁর বাণীকে জানান, উত্তর এয়াকুব নগরের আলমগীরের ছেলে নোমান ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছে বলে শোনেছি। লাশ নিয়ে গিয়ে পাবিবারিকভাবে দাফন করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্পটে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে এ পর্যন্ত অনেকেই দুর্ঘটনায় নিহত হয়েছে। এদের মধ্যে কিশোর বয়সের সংখ্যা সবচেয়ে বেশি।

